শেরপুর সংবাদদাতা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৭:৫৫ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৮:২৫ পিএম
শেরপুর বিএনপি আয়োজিত আলোচনা সভা। ছবি : প্রবা
দেশের বর্তমান সংবিধান জনগণের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, ‘সংবিধান এখন জনগনের প্রতিনিধিত্ব করে না, আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগ কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে সংবিধান কেটেছিরে ফেলেছে।’
দল ঘোষিত ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা নিয়ে বুধবার (৪ জানুয়ারি) শেরপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রিন্স বলেন, ‘যে সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, আইনের শাসন, গণতন্ত্র ও ন্যায় বিচারের কথা ছিল; তা এখন আর নেই। সব ভ্যানিটি ব্যাগে ঢোকানে হয়েছে।’
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশে হত্যা, ধর্ষণসহ চরম নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। বিচার ব্যবস্থাকে দলীয় সংগঠনে পরিণত করা হয়েছে। বর্তমান সরকার জনগণের সাংবিধানিক অধিকারগুলো নানান কালা-কানুনের মাধ্যমে হরণ করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সংবাদমাধ্যমের মুখ বন্ধ করে রেখেছে।’
শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হযরত আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। এ ছাড়া বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক সাহেলা আক্তারের কাছে বিএনপির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করেন নেতারা।