ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২২:২২ পিএম
ফেনী সাহিত্যসভার উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে দিনব্যাপী ‘নজরুল মেলা’ আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ফেনী আগমনের শতবর্ষ এবং সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ফেনীতে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘নজরুল মেলা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফেনী সাহিত্যসভার উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
সকাল ১০টায় শহরের মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ারে নজরুল ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।
ফেনী সাহিত্যসভার আহ্বায়ক কবি সাবিহ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক, নজরুল গবেষক অধ্যাপক গাউছুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।
ফাতিমা সুলতানা বলেন, ‘আমরা যে নারী জাগরনের কথা এখন চিন্তা করি, সেটা কাজী নজরুল আরও একশো বছর আগে চিন্তা করে গেছেন। নজরুলরা আমাদের গর্ব। ব্রিটিশ বিরোধী আন্দোলন এ নজরুলদের মাধ্যমে এগিয়েছিল। নজরুলদের অনুপ্রেরণার ফল ৭১ ও ৭৪। নজরুলের যে কাজ সেটা যেন আমাদের মধ্যে প্রতিফলন হয়।’
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ‘কাজী নজরুল সর্বগুণে গুণান্বিত একজন মানুষ। তার সকল ক্ষেত্রে অবদান রয়েছে। তিনি যেখানে অন্যায় ও নির্যাতন হতো সেখানে তিনি বিদ্রোহী হয়ে হাজির হতেন। কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও দ্রোহের কবি। ফেনীর মাটি ও মানুষের সঙ্গে তাঁর ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে আছে। তরুণ প্রজন্মের মাঝে কবির এই স্মৃতি ও চেতনাকে ছড়িয়ে দিতে ফেনী সাহিত্য সভার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"
সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফেনীর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।