রাজশাহী অফিস
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২২:০৭ পিএম
রাজশাহী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ও শহীদ ড. শামসুজ্জোহার স্মৃতির মতোই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে।’
শনিবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
গণঅভ্যুত্থান-২৪ ও ফ্যাসিবাদ পতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী গণঅভ্যুত্থান-২৪ পরিষদ।
আহতদের চিকিৎসার বিষয়ে মন্ত্রী জানান, চীন সরকারের সহযোগিতায় একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার কাজ চলছে। যাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন হবে, তাদের সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
ভূমিমন্ত্রী আরও বলেন, প্রতিটি শহীদ পরিবারের দীর্ঘমেয়াদি সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থানের অপেক্ষায় থাকা পরিবারের সদস্যদের সরকারি চাকরির পরীক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়ার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ।
রাজশাহী গণঅভ্যুত্থান-২৪ পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম, রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাশেম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী কলেজের অধ্যাপক মোহাম্মদ নাফিজ, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহাফুজুল হাসনাইন এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান রবিন প্রমুখ।