কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২২:০৩ পিএম
কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে টাউন হলের সামনে সুজন আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা ও মহানগর কমিটির আয়োজনে মানববন্ধন করা হয়েছে। শনিবার কুমিল্লা টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দ্য হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিনের সহযোগিতায় ও সুজন কুমিল্লা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ সরকার লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুজনের নেতারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সুজন জেলা সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শামিমা আক্তার জাহান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, মহানগর কমিটির সম্পাদক অধ্যাপক এনামুল হক, কুমিল্লা দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, কুমিল্লা প্রেস ক্লাবের সহসভাপতি সাদিক মামুন, কোষাধ্যক্ষ শাহ আলম শফি, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিন, সুজনের অ্যাডভোকেট ইসলাম ইবনে সাঈক, মুস্তাফিজুর রহমান, সৈয়দ আহমেদ লাভলু, মোসলেহ উদ্দিন, রিয়াজ মাহমুদ, আরিফুর রহমান, শামসুন্নাহার ঝুমুর, সৈয়দ মোহাম্মদ নিজাম উদ্দিন, অধ্যাপক মঞ্জুর হোসেন, মানবাধিকার কর্মী আব্দুল হান্নান, কবি আব্দুল কাইয়ুম, নারী উদ্যোক্তা কামরুন্নাহার দিপু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, মাদক বিস্তার, তীব্র যানজট এবং ফুটপাত ও সড়ক দখল করে অপরিকল্পিত হকার বসার কারণে কুমিল্লাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের এখনই সময়।