× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মা’ আর বেঁচে নেই, জানে না হামে আক্রান্ত দুই ভাই-বোন

সুফল চাকমা, বান্দরবান

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২১:৫৫ পিএম

‘মা’ আর বেঁচে নেই, জানে না হামে আক্রান্ত দুই ভাই-বোন, বান্দরবান সদর হাসপাতালে একই বিছানায় চলছে জীবনের লড়াই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘মা’ আর বেঁচে নেই, জানে না হামে আক্রান্ত দুই ভাই-বোন, বান্দরবান সদর হাসপাতালে একই বিছানায় চলছে জীবনের লড়াই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চার বছরের ডং ওয়াই ম্রো ও দুই বছরের কাইং ওয়াই ম্রো জানেই না, তাদের জীবনের সবচেয়ে আপন মানুষটি আর কোনোদিন ফিরে আসবেন না। মাত্র তিন দিন আগেও বান্দরবান সদর হাসপাতালের একই বিছানায় মায়ের পাশে শুয়ে চিকিৎসা নিচ্ছিল তারা। কিন্তু সেই মা লেংরুং ম্রো (২৬) এখন আর বেঁচে নেই।

শুক্রবার বেলা ১১টার সময় বান্দরবান সদর হাসপাতালের হাম আক্রান্তদের জন্য স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একই বিছানায় পাশাপাশি শুয়ে চিকিৎসা নিচ্ছে দুই ভাই-বোন। হামে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়া শিশু দুটির চোখে-মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। তারা এখনও বুঝতে পারেনি, যাকে খুঁজছে তিনি আর কোনোদিন ফিরে আসবেন না।

বিছানার পাশে বিমর্ষ চেহারায় বসে ছিলেন তাদের ১৯ বছর বয়সী কাকা ক্রংতং ম্রো। কখনও ভাইঝির দিকে, কখনও ভাতিজার দিকে তাকিয়ে নিজের অশ্রু লুকানোর চেষ্টা করছিলেন তিনি।

ক্রংতং ম্রো জানান, তাদের বাড়ি বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গ্যালেঙ্গা ইউনিয়নের চিনিপাড়া গ্রামে। তিনি বলেন, ‘গত ২৬ জুলাই আমার ভাবি লেংরুং ম্রো সুস্থ অবস্থায় হামে আক্রান্ত দুই সন্তানকে নিয়ে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হন। সন্তানদের সেবা-যত্ন করতে করতেই ২৮ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন।’

তিনি জানান, চিকিৎসকরা লেংরুং ম্রোর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানেই শুরু হয় অসহায় পরিবারের কঠিন বাস্তবতা।

ক্রংতং বলেন, ‘আমার বড় ভাই ক্রংসং ম্রো (২৮) নিরক্ষর। তিনি বাংলা ভাষাও ভালোভাবে বলতে পারেন না। একদিকে দুই সন্তান হাসপাতালে ভর্তি, অন্যদিকে হাতে কোনো টাকা নেই। তিনি শুনেছিলেন, চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। সেই ভয় ও দারিদ্র্যের কারণে স্ত্রীকে চট্টগ্রামে না নিয়ে গ্রামের বাড়িতে কবিরাজি চিকিৎসার জন্য নিয়ে যান। আর দুই শিশুর দেখাশোনার দায়িত্ব আমার ওপর দিয়ে যান।’

কিন্তু শেষ পর্যন্ত লেংরুং ম্রোকে আর বাঁচানো যায়নি। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ২৯ জুলাই বিকালে গ্রামে পৌঁছানোর পর তার মৃত্যু হয়। পরদিন ৩০ জুলাই পারিবারিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে মায়ের মৃত্যুর পর থেকেই শিশু দুটির বাবা ক্রংসং ম্রোও জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শয্যাশায়ী। ফলে এতিমপ্রায় দুই শিশুর চিকিৎসা, দেখাশোনা এবং হাসপাতালে দিন-রাত পাশে থাকার পুরো দায়িত্ব এখন কাকা ক্রংতং ম্রোর কাঁধে।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ডংওয়াই ও কাইং ওয়াই কখনও কাকার কোলে মাথা রাখছে, কখনও চারপাশে তাকিয়ে যেন মাকে খুঁজছে। কিন্তু তারা এখনও জানে না, তাদের মা আর কোনোদিন ফিরে আসবেন না।

রুমার দুর্গম পাহাড়ি এলাকায় সম্প্রতি হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। দুর্গম যোগাযোগব্যবস্থা, দারিদ্র্য, সময়মতো চিকিৎসা না পাওয়া এবং টিকাদানের ঘাটতির কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে ম্রো-খুমীসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা।

এই দুই শিশুর ভবিষ্যৎও এখন অনিশ্চয়তায় ঘেরা। মাকে হারিয়ে তারা হাসপাতালের বিছানায় হামের সঙ্গে লড়াই করছে, আর তাদের পরিবারের সামনে দাঁড়িয়ে আছে চিকিৎসা, পুষ্টি ও বেঁচে থাকার কঠিন বাস্তবতা।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তৌহিদুল আনোয়ার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের কারও শারীরিক অবস্থা বর্তমানে জটিল নয়। তবে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা তুলনামূলকভাবে জটিল এবং নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামে আক্রান্ত ১৫ জন শিশু, ৬ জন নারী এবং ৩ জন পুরুষ চিকিৎসাধীন রয়েছেন।


ছবির ক্যাপশন : বান্দরবান সদর হাসপাতালে হাম রোগে চিকিৎসাধীন দুই শিশু


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা