ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২০:০২ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে চান মুহুরী সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যাওয়া মুরগি বোঝাই পিকআপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে চান মুহুরী সেতুর রেলিং ভেঙে খালে পড়ে গেছে একটি মুরগি বোঝাই পিকআপ।
ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের দেশ ব্রিকস সংলগ্ন বন্দুয়া খালের ওপর নির্মিত সেতুটিতে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় চালক ও হেলপার প্রাণে রক্ষা পেলেও, গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং পিকআপে থাকা অন্তত ৬০০ মুরগির বেশিরভাগই মারা গেছে।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, প্রায় ছয়শর বেশি মুরগি নিয়ে পিকআপটি পরশুরামের দিকে যাচ্ছিল। গাড়িটি আনন্দপুরের বন্ধুয়া হাজী স্টোর এলাকা পার হয়ে চান মুহুরী সেতুতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপটি সেতুর ডান পাশের রেলিং ভেঙে সরাসরি নিচে খালে গিয়ে পড়ে। ঘটনার পরপরই আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানি না হলেও সংশ্লিষ্ট মুরগি ব্যবসায়ীর বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে দুর্ঘটনাকবলিত হওয়ায় চান মুহুরী সেতুটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, আগে সড়ক সরু থাকার কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটত। তবে সম্প্রতি সড়ক প্রশস্ত করা হলেও দুর্ঘটনার হার কমেনি। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা ও চালকদের অসতর্কতার কারণেই মূলত এ স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে।
শামীম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই সেতু এলাকাটি এখন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই এখানে গাড়ি নিয়ন্ত্রণ হারায়। স্থায়ী সমাধানের জন্য সেতুর দুই প্রান্তে স্পিড ব্রেকার, সতর্কতামূলক সাইনবোর্ড এবং ট্রাফিক ব্যবস্থা জোরদার করা জরুরি। তা না হলে এখানে প্রাণহানির মতো বড় দুর্ঘটনা এড়ানো কঠিন হবে”।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত চালক ও হেলপারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের প্রক্রিয়া চলছে”।