× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: অনুমতি ছাড়াই চলছিল কার্যক্রম

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৯:৪১ পিএম

কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় শনিবার দুপুরে প্যারাসেইলিংয় দুর্ঘটনায় মারা যান খুলনার পর্যটক শৌভিক রয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় শনিবার দুপুরে প্যারাসেইলিংয় দুর্ঘটনায় মারা যান খুলনার পর্যটক শৌভিক রয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করার সময় সাগরে ছিটকে পড়ে খুলনার পর্যটক শৌভিক রয়ের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট প্যারাসেইলিং কার্যক্রমকে অবৈধ বলে জানিয়েছে জেলা প্রশাসন।

প্রশাসনের অনুমতি ছাড়াই কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল বলে দাবি করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় শনিবার দুপুরে ফরিদ আহমদের মালিকানাধীন ‘সি স্পোর্টস প্যারাসেইলিংয়ে’ এ দুর্ঘটনা ঘটে।

সৈকতে কর্মরত কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খুলনা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কক্সবাজারে এসে কলাতলীর ‘ওশান ভিউ প্যারাডাইস’ হোটেলে অবস্থান করছিল। দুপুরে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে হঠাৎ রশি ছিঁড়ে শৌভিক রয় সাগরের পানিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটের পর পর্যটককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নিহত পর্যটকের মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, দরিয়ানগরের ফরিদ আহমদের মালিকানাধীন এই প্যারাসেইলিংয়ে গত দুই বছরে এখানে অন্তত ১০ জন পর্যটক বিভিন্নভাবে আহত হয়েছেন। একই সঙ্গে প্যারাসেইলিং পরিচালনায় অদক্ষ কর্মী নিয়োগ এবং প্রশাসনের নির্দেশনা ও নিরাপত্তা শর্ত না মানার অভিযোগও উঠেছে।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে একই স্থানে প্যারাসেইলিং করতে গিয়ে কয়েকজন পর্যটক দুর্ঘটনার শিকার হন। এরপর নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসন সাময়িকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। তবে এক মাস পর আবারও এটি চালু করা হয়। চলতি বছরের এপ্রিলেও ওই প্যারাসেইলিং পয়েন্টে এক পর্যটক আহত হন বলে জানা গেছে।

পর্যটকের মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, “সি স্পোর্টস প্যারাসেইলিং অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। গত কয়েক মাসে একাধিকবার ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটি বন্ধ করা হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে কার্যক্রম চালানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা