ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৭:৪৫ পিএম
পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: ভিডও থেকে
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জেলার বিজয়নগরে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হামদু মিয়া উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া বন্দের হাটির বাসিন্দা। আহতরা বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, শুক্রবার বিকালে হামদু মিয়ার ছেলে নিরব (১১) ও একই পাড়ার আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) এর মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে দুজনের মারামারি হয়। এ সময় নিরবের লাঠির আঘাতে ইয়াসিন মিয়ার মাথা ফেটে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল ৯টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় তাদের এলোপাতাড়ি হামলায় হামদু মিয়া ঘটনাস্থলে মারা যান। তার আরেক ছেলে হাসান গুরুতর আহত হয়।
এ ছাড়াও লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া, ইসলাম মিয়াসহ উভয়পক্ষের প্রায় ১৫ জন লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিকিৎসা দেওয়া হয়েছে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার জানান, সংঘর্ষে নিহত একজনের মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে”।