চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৬:৩৩ পিএম
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে তিন বছরের মেয়েকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের মুহূর্তে ওই নারী তার সঙ্গে থাকা তিন বছর বয়সী মেয়েকে প্ল্যাটফর্মে রেখে হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন।
ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেলওয়ে পুলিশ জানায়, নিহত নারীর কাছে থাকা মুঠোফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। নিহত নারীর নাম নিলুফা বেগম (২৯)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহিকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় তার সঙ্গে ছিল মেয়ে জামিয়া (৩)। ছেলে নিরব (১০) বাড়িতে ছিল।
দর্শনা হল্ট স্টেশনের জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই রফিক বলেন, ‘প্রাথমিক তদন্তে জেনেছি, মেয়েটি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিল। মানসিক অস্থিরতায় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। ময়নাতদন্তের পর শনিবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কারো কোনো অভিযোগ ছিল না।’