নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৬:১৬ পিএম
নরসিংদীর মনোহরদীতে শনিবার আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে শনিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। অন্যদিকে অভিযুক্তরা হলেন একই ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ ও তার ছেলে জীবন মিয়া।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিএনপি নেতা মিজান ও তার চাচা আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহর মধ্যে বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও স্থায়ী সমাধান হয়নি।
শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে শহীদুল্লাহ ও তার ছেলে জীবন লাঠি সোটা নিয়ে মিজানের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় মিজানের মাথায় আঘাত লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান বলেন, ‘দুপুরে মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছি। আর মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর বলা যাবে।’
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও তদন্ত অব্যাহত রয়েছে।