× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলনগরে দীর্ঘ লোডশেডিংয়ে ভোগান্তিতে প্রায় ৪ লাখ বাসিন্দা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৫:৪৫ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ১৫:৪৫ পিএম

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কমলনগর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কমলনগর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় টানা তিন দিনের ভয়াবহ লোডশেডিং জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে।

শতভাগ বিদ্যুতায়নের আওতায় থাকা এ উপজেলায় প্রায় ৬১ হাজার গ্রাহক দিন-রাত মিলিয়ে ১২ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন থাকছেন।

কোথাও কোথাও একটানা ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছেন চার লাখের বেশি বাসিন্দা।

সবচেয়ে বেশি সংকটে পড়েছেন হাসপাতালের রোগী, এইচএসসি ও আলিম পরীক্ষার্থী এবং বিদ্যুৎনির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।

বিকাল ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কমলনগরের করইতলা এলাকায় শনিবার সকাল ৮টা থেকে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

স্থানীয় অনেকেই জানান, কয়েক দিন ধরেই একই চিত্র চলছে। বিদ্যুৎ এলেও কিছুক্ষণ পরই আবার চলে যাচ্ছে।

তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, জাতীয় গ্রিড থেকে চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে।

‘চাহিদার অর্ধেক বিদ্যুৎ বরাদ্দ’

পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, কমলনগরে দৈনিক বিদ্যুতের চাহিদা ৯ থেকে ১০ মেগাওয়াট হলেও জাতীয় গ্রিড থেকে মিলছে মাত্র ৪ থেকে সাড়ে ৪ মেগাওয়াট। ফলে ২৪ ঘণ্টার মধ্যে গড়ে অর্ধেক সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। 

চর ফলকন, চর লরেন্স, করুনানগর, চর মার্টিন, মতিরহাট ও চর কাদিরাসহ বিভিন্ন এলাকায় বাসিন্দারা জানান, দিনে ১০ থেকে ১২ ঘণ্টা এবং রাতে টানা ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। সামান্য ঝড়-বাতাসেও দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অভিযোগও রয়েছে।

লোডশেডিংয়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, হাম, ডেঙ্গু, জ্বর ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে ভর্তি শতাধিক রোগী অসহনীয় গরমে দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় ফ্যান বন্ধ থাকছে, শিশুদের সামলাতে হিমশিম খাচ্ছেন স্বজনরা।

এ সময় অনেককেই হাতপাখা, পত্রিকা ও লিফলেট দিয়ে বাতাস করে তাপ নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎ না থাকায় নেবুলাইজার, আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে। জ্বালানি সংকটে জেনারেটরও সচল রাখা যাচ্ছে না।

শিক্ষা ও ব্যবসায় বড় ধাক্কা

দীর্ঘ লোডশেডিংয়ে পড়াশোনাও ব্যাহত হচ্ছে। এইচএসসি পরীক্ষার্থী পিয়াসা আক্তার বলেন, প্রচণ্ড গরমে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে, ফলে পরীক্ষার প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে বিদ্যুৎনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোও আর্থিক ক্ষতির মুখে। ফার্নিচার প্রস্তুতকারী ইসমাইল হোসেন বলেন, দিনের বড় একটি সময় বিদ্যুৎ না থাকায় কাজ বন্ধ রাখতে হচ্ছে, কিন্তু ব্যয় কমছে না।

নিউ উপকূল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাকসুদুর রহমান জানান, রোগীদের সেবা দিতে জেনারেটর চালাতে হচ্ছে, এতে পরিচালন ব্যয় বেড়ে গেছে। ইজিবাইকচালক সেলিম বলেন, ব্যাটারি ঠিকমতো চার্জ দিতে না পারায় আয় কমে গেছে।

কমলনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ বরাদ্দ না পাওয়ায় চাহিদার তুলনায় প্রায় অর্ধেক সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে। পর্যাপ্ত বরাদ্দ মিললেই পরিস্থিতির উন্নতি হবে।

তবে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে জনদুর্ভোগ আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন কমলনগরবাসী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা