সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৪:৩০ পিএম
ছবি: প্রতীকী
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) শেষে বাড়ি ফেরার পথে ডিঙ্গি নৌকা ডুবে অরুণ দেবনাথ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও আরও ৩ জন নিখোঁজ রয়েছেন।
জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর গ্রামসংলগ্ন মইয়ার হাওরে শুক্রবার রাত
৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত অরুণ দেবনাথ জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
এছাড়া নিখোঁজ ব্যক্তিরা হলেনÑ একই এলাকার অধীর দেবনাথ (৩৫), হেমেন্দ্র দেবনাথ (৩০),
সতীন্দ্র দেবনাথ (৬৫)।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জগন্নাথপুর পৌর এলাকার ভরাউট গ্রামে
হিন্দু সম্প্রদায়ের একটি কীর্তন অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে ভবানীপুর গ্রামের ৯
জন একটি ছোট ডিঙ্গি নৌকায় করে মইয়ার হাওর পাড়ি দিতে নিজেদের বাড়ির দিকে রওনা হন।
পথিমধ্যে ভবানীপুর এলাকা সংলগ্ন হাওরে পৌঁছালে অতিরিক্ত যাত্রীর ভারে
হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা পাঁচজন যাত্রী সাঁতরে কোনোমতে তীরে উঠতে সক্ষম
হলেও চারজন পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে শনিবার সকালে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল
হাওর থেকে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম
জানান, খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে
যাচ্ছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত
রয়েছে।