পটিয়ায় (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৪:০২ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৬ ১৪:০৮ পিএম
কলা চুরির প্রতিবাদ করাকে কেন্দ্র করে মোহাম্মদ তোহা নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে কলা চুরির প্রতিবাদ করাকে কেন্দ্র করে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত প্রায় ১২টার দিকে হাবিলাসদ্বীপ ইউনিয়নের
মোনাফ হাজীর পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোহা ওই এলাকার মৃত আবুল বশরের
ছেলে এবং পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের
অভিযোগ প্রতিপক্ষ তাকে পিটিয়ে হত্যা করেছে।
স্থানীয়রা জানান, রাতে তোহার বাড়ির
একটি কলাগাছ থেকে কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে পাশের বাড়ির এজাহার মিয়ার পরিবারের
সদস্যদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
জানা যায়, দুই পরিবারের মধ্যে আগে থেকেই
বিরোধ চলছিল। একপর্যায়ে কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নিলে প্রতিপক্ষের লোকজন তোহাকে মারধর করেন। পরিবারের দাবি, এ সময়
তাকে লোহার রড দিয়েও আঘাত করা হয়, ফলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার একটি
বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের
সহায়তায় আনোয়ার হোসেন নামে একজনকে আটক করেছেন। অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা গা ঢাকা
দিয়েছেন বলে জানা যায়।
এদিকে পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের
নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানিয়েছেন।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ
শফিক উল্লাহ জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ
নিশ্চিত হওয়া যাবে।