জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১২:০৮ পিএম
জগন্নাথপুর হাওর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে একটি ডিঙ্গি নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন।
ফায়ার সার্ভিসের একটি দল শনিবার সকাল থেকে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
এর আগে উপজেলার পৌর এলাকার ভবানীপুর-বৈধাখালী এলাকায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) এবং সতীন্দ্র দেবনাথ (৫২)।
রাতের আঁধারে নৌকাডুবি
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে ভবানীপুর এলাকার কয়েকজন বাসিন্দা গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকায় বাড়ি ফেরার সময় মইয়ার হাওরের বৈধাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়।
তারা বলেন, ওই সময় নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ এবং সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন। প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন।
নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।