× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করতোয়া ওয়াকওয়েতে অচল ১২ বাতি

অরুপ রতন, বগুড়া

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ০৯:৫৩ এএম

বগুড়া শহরের করতোয়া নদীর তীরে নির্মিত ওয়াকওয়ের একের পর এক সৌরবাতির যন্ত্রাংশ চুরি হচ্ছে।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া শহরের করতোয়া নদীর তীরে নির্মিত ওয়াকওয়ের একের পর এক সৌরবাতির যন্ত্রাংশ চুরি হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া শহরের করতোয়া নদীর তীরে নির্মিত ওয়াকওয়ের একের পর এক সৌরবাতির যন্ত্রাংশ চুরি হচ্ছে। এতে অন্তত ১২টি সৌরবাতি অচল হয়ে পড়েছে। সন্ধ্যার পর ওয়াকওয়ের বিভিন্ন অংশ অন্ধকারে ডুবে থাকায় সেখানে মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের আনাগোনা বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। একই সঙ্গে দর্শনার্থীদের জনপ্রিয় ‘আই লাভ করতোয়া’ স্থাপনার ‘লাভ’ অংশটিও চুরি হয়ে গেছে।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, ঘটনাগুলো ঘটছে জেলা প্রশাসকের বাংলো, জেলা কারাগার ও স্টেশন ক্লাবের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার পাশেই।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, জেলা কারাগার-সংলগ্ন সেতু থেকে এসপি ব্রিজ পর্যন্ত ওয়াকওয়ের ৩৪টি সৌরবাতির মধ্যে ১২টি অচল। জেলা প্রশাসকের বাংলোর সামনের ছয়টি সৌরবাতির মধ্যে মাত্র একটি জ্বলছে। বাকি পাঁচটি নিভে রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাতিগুলোর ব্যাটারি, কন্ট্রোলারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় সেগুলো আর জ্বলছে না।

ওয়াকওয়ের অন্ধকার অংশগুলোতেই সন্ধ্যার পর মাদকসেবীদের আড্ডা বসে বলে অভিযোগ স্থানীয়দের। মাঝপথে থাকা ছাতা আকৃতির দুটি বিশ্রামস্থলও তাদের দখলে চলে গেছে। 

স্থানীয়দের ভাষ্য, সেখানে নিয়মিত মাদক সেবন হয়। কিশোর গ্যাংয়ের সদস্যদেরও আনাগোনা বেড়েছে। হাঁটতে আসা নারী ও পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের বিভিন্ন সময় হয়রানির ঘটনাও ঘটছে।

নিয়মিত হাঁটতে আসা জনৈক ব্যক্তি শর্তে বলেন, আগে পরিবার নিয়ে নিশ্চিন্তে হাঁটতে আসতেন। এখন অন্ধকার অংশগুলো এড়িয়ে চলতে হয়। সন্ধ্যার পর সেখানে মাদক সেবন ও নারীদের উত্ত্যক্ত করার ঘটনা দেখা যায়।

আরেক বাসিন্দা আতিকুর রহমান বলেন, এখনই কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া না হলে অল্প দিনের মধ্যেই ওয়াকওয়ের লাইট, বেঞ্চ ও টাইলসও চুরি হয়ে যাবে। কোটি টাকার প্রকল্প রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সরেজমিন আরও দেখা যায়, একসময় দর্শনার্থীদের ছবি তোলার জনপ্রিয় স্থান ছিল ‘আই লাভ করতোয়া’ স্থাপনাটি। এখন সেখানে ‘লাভ’ অংশটি নেই। শুধু কাঠামোর কিছু অংশ দাঁড়িয়ে আছে। স্থানীয়দের দাবি, কয়েক মাস আগে এটি চুরি হলেও নতুন করে স্থাপন বা চোর শনাক্তে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, প্রকল্পের কাজ শেষ করে জেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়ার পর থেকেই একের পর এক চুরির ঘটনা ঘটছে। সোলার লাইটের যন্ত্রাংশ ও ‘আই লাভ করতোয়া’র ‘লাভ’ অংশ চুরি হয়েছে। এখন শুধু স্টিলের পাইপ ও টাইলস চুরি হওয়াই বাকি। নিয়মিত টহল ও নজরদারি না বাড়ালে পরিস্থিতি আরও খারাপ হবে।

স্থানীয়দের দাবি, পুরো ওয়াকওয়েজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিয়মিত পুলিশ টহল এবং স্থায়ী নিরাপত্তাকর্মী নিয়োগ না দিলে চুরি বন্ধ করা কঠিন হবে। তাদের অভিযোগ, নজরদারির অভাবের সুযোগ নিয়েই সরকারি সম্পদ খুলে নিয়ে যাচ্ছে চোরেরা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ‘করতোয়া নদী পুনঃখনন ও স্লোপ প্রটেকশন’ প্রকল্পের আওতায় ৩৬ কোটি টাকা ব্যয়ে ২০২৪ সালের মার্চে কাজ শুরু হয়। প্রকল্পের অংশ হিসেবে করতোয়া নদীর ২৮ কিলোমিটার পুনঃখননের পাশাপাশি এসপি ব্রিজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত ৭৩০ মিটার নদীতীর সংরক্ষণ ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়। এখানে ১২ ফুট প্রশস্ত হাঁটার পথ, তিন ফুট প্রশস্ত ড্রেন, ১৪টি রঙিন ছাতা, ২০টি বেঞ্চ এবং ৭২টি সৌরবিদ্যুৎচালিত বাতি স্থাপন করা হয়। ওয়াকওয়ে নির্মাণে ব্যয় হয় প্রায় ১১ কোটি টাকা।

বগুড়া সদর ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) জামিলুর ইসলাম বলেন, এলাকায় পুলিশের নজরদারি রয়েছে। কিশোর গ্যাং ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, সোলার লাইট না জ্বলার বিষয়টি তার জানা আছে। এটি একদিনে হয়নি। সেখানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং প্রশাসনের নজরদারিও রয়েছে। তবে সরকারি সম্পদ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা