আব্দুল মাজিদ চৌধুরী, সিলেট
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ০৯:৪৪ এএম
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
অস্ত্রোপচারের পর একজন রোগীর সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে পরিচ্ছন্ন ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করা চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। বিশেষ করে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নির্ধারিত তাপমাত্রা বজায় রাখা সংক্রমণ প্রতিরোধ, রোগীর শারীরিক স্থিতি বজায় রাখা এবং দ্রুত আরোগ্য লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘদিন ধরে সেই প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। ওয়ার্ডের অধিকাংশ শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র অচল থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন অস্ত্রোপচার শেষে চিকিৎসাধীন রোগীরা। একই সঙ্গে চিকিৎসা-সংশ্লিষ্টদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে মোট ছয়টি এসি রয়েছে। এর মধ্যে চারটি দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে আছে। সচল থাকা দুটি এসি দিয়ে পুরো ওয়ার্ডের তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। ফলে গরমের সময় ওয়ার্ডের পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। বাধ্য হয়ে জানালা খুলে রাখতে হয়, যা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য আদর্শ ব্যবস্থা নয়।
রোগীর স্বজনরা জানান, অস্ত্রোপচারের পর দুর্বল অবস্থায় থাকা রোগীদের প্রচণ্ড গরমে অতিরিক্ত কষ্ট পোহাতে হয়। অনেক সময় বিদ্যমান এসিগুলো পর্যাপ্ত শীতলতা দিতে না পারায় হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা যায়। তাদের অভিযোগ, একটি সরকারি হাসপাতালে এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
চিকিৎসা-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা শুধু রোগীর স্বাচ্ছন্দ্যের বিষয় নয়। অস্ত্রোপচারের ক্ষতস্থানে সংক্রমণের ঝুঁকি কমানো, রোগীর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং চিকিৎসা-পরিবেশের মান বজায় রাখার জন্যও এটি অপরিহার্য। এ কারণে এমন ওয়ার্ডে এসি সচল রাখা আন্তর্জাতিক চিকিৎসা নির্দেশনা ও প্রচলিত হাসপাতাল ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছেই বর্তমানে কতটি এসি সচল এবং কতটি বিকলÑ সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল আমিন বলেন, ‘বিষয়টি আমাদের নজরে রয়েছে। নতুন বরাদ্দ পাওয়া গেলে অচল এসিগুলো মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি কিছুটা সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে সব এসি নষ্ট হয়নি, কয়েকটি সচল রয়েছে।’
অন্যদিকে গণপূর্ত বিভাগের ওসমানী মেডিক্যাল শাখার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এসি বিকলের বিষয়ে লিখিতভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে নিয়মিত পরিদর্শনের সময় সমস্যাগুলো শনাক্ত হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুত সময়ের মধ্যে বিকল এসিগুলো মেরামত করে সচল করার উদ্যোগ নেওয়া হবে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দাবি, অস্ত্রোপচারের পর সবচেয়ে সংবেদনশীল সময়ে যদি প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা না যায়, তাহলে চিকিৎসার মানও প্রশ্নের মুখে পড়ে। তাই বরাদ্দ বা প্রশাসনিক জটিলতার অজুহাত না দিয়ে দ্রুত এসিগুলো সচল করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, একটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘদিন ধরে এসি বিকল থাকা শুধু অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয় নয়; এটি রোগীসেবার মানের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। দ্রুত সমস্যা সমাধান না হলে রোগীদের দুর্ভোগের পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ থেকেই যাবে।
এখন রোগী, স্বজন এবং চিকিৎসকÑ সবার প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসা-পরিবেশ ফিরিয়ে আনবে, যাতে অস্ত্রোপচারের পর রোগীরা নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত পেতে পারেন।