প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২০:৩৪ পিএম
প্রতিকী ছবি
গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে শুক্রবার পানিতে ডুবে ৩ শিশু এবং একজন তবলাবাদক মারা গেছে। প্রতিবেদকদের পাঠানো খবর :
গাজীপুর : কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার উত্তর মোক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো কালীগঞ্জ থানার উত্তর মোক্তারপুর এলাকার বাসিন্দা আতাউর রহমান শেখের ছেলে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া থানার দড়ি নাসেরা এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। নিহত দুজনেই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে তারা দুজন। নদীতে নেমে প্রথমে রাব্বি পানিতে তলিয়ে যায়। এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে লাবিবুলও পানিতে তলিয়ে যায়। সে সময় সঙ্গে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দা ও তাদের পরিবারের সদস্যরা নদীতে নেমে লাবিবুল আল হাসানকে মৃত অবস্থায় উদ্ধার করেন। রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামে পানিতে ডুবে সিফাত (২) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত সলিমাবাদ গ্রামের সাদ্দামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পানির কাছে চলে যায় সিফাত। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি মন্দিরসংলগ্ন পুকুর থেকে অরুণ জলদাশ (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারপাড়া (উত্তর আমিরাবাদ) সার্বজনীন কালী মন্দিরের সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অরুণ জলদাশ ওই এলাকার পরশুরাম জলদাশের ছেলে। তিনি পেশায় একজন তবলাবাদক ছিলেন। লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।