চট্টগ্রাম অফিস ও বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৯:৩৯ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৯:৫২ পিএম
নিহত মো. জিল্লুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাছের ঘের ও লবনের মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জিল্লুর রহমানের নামে এক যুবকের মৃত্যু সহ কয়েকজন আহত হয়েছেন। এঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল বেড়িবাঁধ সংলগ্ন তাজুরঘোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মো. জিল্লুর রহমান (৩০) সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকবুল ফকির বাড়ির আব্দুল আলিমের ছেলে।
স্থানীয়রা জানান, সমুদ্র উপকূলীয় এলাকাটিতে বেরিবাঁধের পাশে সরকারি খাস জমিতে স্থানীয় লোকজন মাছের চাষ করেন। সেগুলোর নিয়ন্ত্রণ নিতে স্থানীয় মনছুর ও কবির নামে দুই ব্যক্তির পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর আগে ২০২৫ সালের ৬ অক্টোবর এবং ২৬ জুলাইও মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছিল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার পর সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অংশ নেন। এর এক পর্যায়ে জিল্লুর রহমানের শরীরে প্রতিপক্ষের ছোঁড়া গুলি এসে লাগে। তখন অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ৮-১০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, বৃহস্পতিবার রাতেই গুলিবিদ্ধ অবস্থায় বাঁশখালীর এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার বলেন, মাছের ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে ধারালো অস্ত্র ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন।
দখলের ঘটনার বিষয়ে জানতে উভয় গ্রুপের নেতৃত্ব দানকারী মোহাম্মদ মনছুর ও কবির আহমদের মোবাইলফোন কল দিলেও কেউ রিসিভ করেনি।
আনোয়ারা সার্কেলের এএসপি মাহমুদুল হাসান বলেন, বাঁশখালীতে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার মরদেহ চমেক হাসপাতালে রয়েছে। এ ঘটনায় একজন গ্রেপ্তার রয়েছে। মূল অপরাধীদের শনাক্ত ও অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।