বগুড়া অফিস
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৮:৩২ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৮:৩২ পিএম
বগুড়ার গাবতলীতে খাল পুনঃখনন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার গাবতলীতে চারটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন বলছে, প্রকল্পের সব বৈধ ব্যয় মেটানোর পর অবশিষ্ট অর্থ সরকারি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার নেপালতলী, নশিপুর, সোনারায় ও দক্ষিণপাড়া ইউনিয়নে চারটি খাল পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়।
প্রায় ৩ হাজার ৬০০ মিটার দীর্ঘ এসব খাল পুনঃখননের জন্য ৪ কোটি ৩১ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় প্রকল্পটি বাস্তবায়ন করে।
গত ২০ এপ্রিল প্রথম খালের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পের কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে সবগুলো খালের পুনর্খননের কাজ ২৯ জুন শেষ হয়।
প্রকল্পের আওতায় খাল পুনর্খননের পাশাপাশি দখলমুক্ত করা, সরকারি নকশা অনুযায়ী খালের পাড় নির্মাণ, পানি চলাচলের জন্য পাইপ বসানো, প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ এবং দুই পাশে গাছ লাগানো হয়েছে।
পিআইও কার্যালয় জানায়, শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি পরিচালনা ও পরিবহনসহ বিভিন্ন বৈধ খাতে ২ কোটি ৫২ লাখ ৯৯ হাজার টাকা ব্যয় হয়েছে। এতে ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা অব্যয়িত থাকে। পরে ওই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিদুল ইসলাম বলেন, “নির্ধারিত নকশা অনুযায়ী খালগুলো ৯ ফুট গভীর এবং ৩০ থেকে ৩৫ ফুট প্রস্থে পুনঃখনন করা হয়েছে। বৃষ্টির কারণে কয়েকটি স্থানে খালের পাড় মেরামত করতে হলেও কাজের মান বজায় রাখা হয়েছে।”
ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, “প্রকল্প এলাকার কয়েকটি অংশে খালের প্রস্থ প্রাক্কলনের চেয়ে কম থাকায় সেখানে ব্যয়ও কম হয়েছে। ফলে অব্যয়িত অর্থ সরকারি বিধি অনুযায়ী কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের স্বচ্ছতা ও জবাবদিহির নীতি অনুসরণ করছে।”