দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৭:৫১ পিএম
দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া আলহাজ লতিফ ফজিতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে বিদ্যালয় চলাকালীন কর্মস্থলে অনুপস্থিত থেকে ফেসবুক লাইভে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে ভোট চাওয়ার অভিযোগে এক প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া আলহাজ লতিফ ফজিতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেবকে এ নোটিস দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বিষয়টি জানতে পেরে তাকে কারণ দর্শানোর নোটিস দেন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও শাহ জহুরুল হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই বিদ্যালয়ে অনুপস্থিত থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে বেলা ২টার দিকে ফেসবুক লাইভে এসে পাররামরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন প্রধান শিক্ষক মো. আবু তালেব। একই সঙ্গে তিনি ভোট প্রার্থনাও করেন বলে অভিযোগ রয়েছে।
বিদ্যালয় চলাকালীন কর্মস্থলে অনুপস্থিত থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি চাকরি বিধিমালার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. আবু তালেব মুঠোফোনে বলেন, ‘সেদিন বিদ্যালয়ের দায়িত্ব সহকারী প্রধান শিক্ষকের কাছে বুঝিয়ে দিয়ে আমি বাইরে ছিলাম। আমাকে দেওয়া কারণ দর্শানোর নোটিসের জবাব নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, ‘বিদ্যালয় চলাকালীন কর্মস্থলে অনুপস্থিত থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’