মেঠোপথ পেরিয়ে জাতীয় চ্যাম্পিয়ন
সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৩:৪৮ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৩:৫৯ পিএম
জাতীয় পর্যায়ে জেতা জোড়া স্বর্ণপদক হাতে ১৪ বছর বয়সী মারিয়া আক্তার তাসফিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কখনও কাদামাখা মেঠোপথ, কখনও বর্ষার পানিতে ডুবে থাকা রাস্তা, কখনও দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে অনুশীলনে পৌঁছানোর সংগ্রাম। পায়ে ভালো জুতা ছিল না, পর্যাপ্ত পুষ্টির নিশ্চয়তাও ছিল না। তবু থেমে থাকেনি কিশোরগঞ্জের প্রত্যন্ত গ্রামের কিশোরী মারিয়া আক্তার তাসফিয়ার দৌড়।
প্রতিকূলতার প্রতিটি ধাপ পেরিয়ে সে ছুটেছে নিজের স্বপ্নের পেছনে। সেই স্বপ্নই এবার তাকে পৌঁছে দিয়েছে জাতীয় ক্রীড়াঙ্গনের শীর্ষে।
দেশের তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ে বালিকা বিভাগের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়ে জোড়া স্বর্ণপদক জিতেছে ১৪ বছর বয়সী মারিয়া। তার এই সাফল্যে নতুন করে আলোচনায় এসেছে কিশোরগঞ্জ।

মারিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের সেহড়া পূর্বপাড়া গ্রামের দরিদ্র কৃষক হিরন মিয়ার ছোট মেয়ে। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট সে। স্থানীয় আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে ঢাকা অঞ্চলের প্রতিনিধিত্ব করে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়।
জোড়া স্বর্ণে উজ্জ্বল মারিয়া
জাতীয় প্রতিযোগিতার ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১৩ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে ফাইনালে ওঠে মারিয়া।
পরে ফাইনালে নিজের সময় আরও কমিয়ে ১৩ দশমিক ৭৫ সেকেন্ডে দৌড় শেষ করে জিতে নেয় প্রথম স্বর্ণপদক।
এরপর ২০০ মিটারেও আধিপত্য ধরে রেখে ২৮ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে নিশ্চিত করে দ্বিতীয় স্বর্ণ।
দুটি ইভেন্টেই তার পারফরম্যান্স দেশের স্প্রিন্টে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। প্রতিদিন গ্রামের কাদামাখা পথ পেরিয়ে জেলা সদরে এসে অনুশীলন করতে হতো তাকে।
বর্ষাকালে ভাঙাচোরা রাস্তা, দীর্ঘ যাতায়াত ও আর্থিক সংকট ছিল তার নিত্যসঙ্গী।
কৃষিকাজ করে সংসার চালানো বাবার পক্ষে মেয়ের খেলাধুলার ব্যয় বহন করাও ছিল কঠিন। কিন্তু অভাব কিংবা প্রতিকূলতা কোনোদিনই মারিয়ার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
মেয়ের সাফল্যে আবেগাপ্লুত বাবা হিরন মিয়া বলেন, আমি সাধারণ একজন কৃষক। সংসারের টানাপোড়েনের মধ্যেও মেয়ের অনুশীলন চালিয়ে নিতে অনেক কষ্ট হয়েছে। বর্ষার দিনে কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে যখন প্র্যাকটিসে যেত, বুকটা কেঁদে উঠত।
আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, আজ ও দেশের সেরা হয়েছে, মনে হচ্ছে জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। আমি চাই, আমার মেয়ে আরও বড় হোক, দেশের জন্য সম্মান বয়ে আনুক।
গর্বে উচ্ছ্বসিত পুরো গ্রাম
মারিয়ার জোড়া স্বর্ণজয়ের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে ভাসছে সেহড়া গ্রাম। এলাকাবাসীর কাছে এটি শুধু একজন কিশোরীর ব্যক্তিগত অর্জন নয়, পুরো গ্রামের গর্ব।
স্থানীয় যুবক আব্দুল হান্নান বলেন, সব বাধা পেরিয়ে মারিয়া দেশের সেরা হয়েছে। আমরা চাই, একদিন সে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক।

প্রতিবেশী নয়ন মিয়া বলেন, কাদামাটি পেরিয়ে প্রতিদিন অনুশীলনে যেতে দেখেছি তাকে। আজ সেই পরিশ্রমের ফল পেয়েছে। মারিয়া এখন আমাদের গ্রামের গর্ব।
মারিয়ার সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তার বিদ্যালয়েও। সহপাঠী ও শিক্ষকদের কাছে সে এখন অনুপ্রেরণার নাম।
বিদ্যালয়ের শিক্ষার্থী প্রণয় বলে, “আমাদের স্কুলের বড় আপু সারা দেশে প্রথম হয়েছে, এটা আমাদের জন্য গর্বের। এখন অনেকেই তার খোঁজ নিতে আসছেন।”
প্রশিক্ষণেই বদলে দিয়েছে ভাগ্য
মারিয়ার দীর্ঘদিনের প্রশিক্ষক কোচ আব্দুল জব্বার মনে করেন, এই অর্জন তার সম্ভাবনার কেবল শুরু।
তিনি বলেন, প্রতিকূল পরিবেশ, পুষ্টির ঘাটতি ও দীর্ঘ যাতায়াতের ক্লান্তি সত্ত্বেও অনুশীলনে মারিয়ার একাগ্রতা ছিল অসাধারণ। ১০০ ও ২০০ মিটারে তার পারফরম্যান্স ভবিষ্যতের বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
তবে এই প্রতিভাকে এগিয়ে নিতে নিয়মিত প্রশিক্ষণ, পর্যাপ্ত পুষ্টি ও আধুনিক কোচিংয়ের বিকল্প নেই বলেও জানান তিনি।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, মারিয়া কিশোরগঞ্জ স্টেডিয়ামে কোচ আব্দুল জব্বারের অধীনে প্রশিক্ষণ নিয়েছে। আঞ্চলিক পর্যায়ে তার প্রতিভা নজরে আসার পর জাতীয় প্রতিযোগিতার আগে টানা দুই সপ্তাহ বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার প্রশিক্ষণ অব্যাহত রাখতে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্রীড়া বৃত্তি ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের বিষয়েও কাজ চলছে।
লক্ষ্য এখন এশিয়ান গেমস ও অলিম্পিক
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ জুলাই ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
জাতীয় মঞ্চে পুরস্কার গ্রহণের অভিজ্ঞতা স্মরণ করে মারিয়া বলে, “এত বড় মঞ্চে সম্মান পাব, কখনও ভাবিনি। এই স্বীকৃতি আমাকে আরও ভালো করার অনুপ্রেরণা দিয়েছে।”
মাত্র ১৪ বছর বয়সেই দুটি জাতীয় স্বর্ণ জয়ের পর থেমে থাকতে চায় না মারিয়া। তার লক্ষ্য আরও বড়
সে বলে, “আমি একজন বড় অ্যাথলেট হতে চাই। একদিন এশিয়ান গেমস ও অলিম্পিকে বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে দৌড়ানোর স্বপ্ন দেখি।”
মারিয়ার গল্প শুধু দুটি স্বর্ণপদক জয়ের গল্প নয়। এটি প্রত্যন্ত গ্রামের এক কিশোরীর অদম্য ইচ্ছাশক্তির গল্প, একজন কৃষক বাবার ত্যাগ, একজন কোচের নিবেদন এবং একটি গ্রামের সম্মিলিত গর্বের গল্প।
তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার উদ্যোগ যে সঠিক পরিচর্যা পেলে জাতীয় পর্যায়ে সাফল্য এনে দিতে পারে, মারিয়া তার উজ্জ্বল উদাহরণ।
সেহড়া গ্রামের সেই মেঠোপথ আজও আগের মতোই কাদামাখা। তবে সেই পথ এখন আর শুধু কষ্টের প্রতীক নয়; সেটিই হয়ে উঠেছে স্বপ্নপূরণের পথ।
সেই পথ ধরেই হয়তো একদিন আন্তর্জাতিক ট্র্যাকে বাংলাদেশের হয়ে দৌড়াবে মারিয়া। আর দূর গ্রামের কৃষক বাবা গর্বভরে বলবেন, “মাইয়া আমার কষ্ট সার্থক করছে।”