× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চা শিল্পাঞ্চলে শ্রমিকদের গণবিক্ষোভ, কর্মবিরতি পালন

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৩:৪১ পিএম


খেজুরীছড়া চা বাগানের মন্দির প্রাঙ্গণে কর্মবিরতি পালন ও গণবিক্ষোভ করে চা শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খেজুরীছড়া চা বাগানের মন্দির প্রাঙ্গণে কর্মবিরতি পালন ও গণবিক্ষোভ করে চা শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের চা শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি অবিলম্বে অবিলম্বে প্রদান, শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত পরিবেশে গঠণতন্ত্র সংশোধনের মাধ্যমে দীর্ঘ ৮ বছর যাবত বন্ধ থাকা লক্ষাধিক শ্রমিকের একমাত্র ট্রেড ইউনিয়ন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং শ্রমিকদের বসবাসের ভূমি অধিকার প্রাপ্তির দাবিতে সপ্তাহকাল ধরে গণবিক্ষোভ, সমাবেশ ও দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা।

শুক্রবার সকালে মৌলভীবাজারের ৮ নম্বর রাজঘাট ইউনিয়নের খেজুরীছড়া চা বাগানের মন্দির প্রাঙ্গণে দুই ঘণ্টার কর্মবিরতি পালন ও গণবিক্ষোভ করেন শ্রমিকরা। দেশের প্রতিটি চা বাগানে ধারাবাহিকভাবে এ কর্মসূচির আয়োজন করছে বাংলাদেশের সাধারণ চা শ্রমিক, ছাত্র ও যুবকবৃন্দ। এতে সহযোগিতা করছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটি।

খেজুরীছড়া চা বাগানের কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির আহ্বায়ক বিশু প্রসাদ গোয়ালা, যুগ্ম আহবায়ক আকাশ দোষাদ, খেজুরীছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মহেশ্বর দাস, ৮ নম্বর রাজঘাট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য বৈশিষ্ট্য গোয়ালা, চা শ্রমিক নেতা ডালিম বোনার্জী, বিফা বোনার্জী, রঞ্জু তাঁতী, সাবেক ইউপি সদস্য মাধবী বোনার্জী, চা শ্রমিক ছাত্র-যুবক সংগ্রাম কমিটির সভাপতি পরিমল বোনার্জী, চা শ্রমিক নেতা জীতেন বোনার্জী, অনিল বোনার্জী প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন,  জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব উত্থাপিত হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। যা নিয়ে শ্রমিকদের মধ্যে হতাশা ও চরম ক্ষোভের সৃষ্টি করেছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বিদ্যমান দৈনিক স্থায়ী শ্রমিকদের ১৮৭ টাকা এবং ক্যাজুয়াল বা অস্থায়ী শ্রমিকদের ১২০ টাকা মজুরিতে একটি শ্রমিক পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করা সম্ভব নয়। শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় মেটাতে গিয়ে অধিকাংশ শ্রমিক পরিবার চরম আর্থিক সংকটে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

দেশের অর্থনীতিতে চা শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এ শিল্পের প্রধান চালিকাশক্তি চা শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই জাতীয় সংসদে উত্থাপিত দৈনিক ৫০০ টাকা মজুরি দ্রুত কার্যকর করার দাবি করছি। পাশাপাশি দীর্ঘ ৮ বছর যাবত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। এতে সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। যার প্রভাব পড়ছে বাগানগুলোতে। ৮ বছর ধরে নির্বাচন না হওয়ায় বাগান কর্তৃপক্ষের সাথে চুক্তিও হচ্ছে না। এ কারণে বেতন বাড়ছে না। সেইসঙ্গে প্রায় দুইশত বছর ধরে চা বাগানে কর্মরত শ্রমিকরা বাগানে বসবাস করলেও আমাদের ভূমির অধিকার নেই। ফলে আমরা অনেক মৌলিক নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা