বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৩:১৭ পিএম
রুমা উপজেলার রহস্যঘেরা বগালেক। ফাইল ছবি
বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামির উদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে। অপরদিকে রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ থানাধীন পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগালেক এলাকায় এসে একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন।
বিকাল সাড়ে ৫টার দিকে ১০ জন পর্যটক বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।
সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হওয়া তল্লাশি অভিযানে রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”