চাকরিচ্যুত খুবি অধ্যাপক রেজাউল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে টানা আন্দোলন, ক্লাস-পরীক্ষা বর্জন এবং প্রশাসনিক ভবনে তালা ঝোলানোর ঘটনার পর অবশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসন।
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে পাঁচ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান।
তিনি জানান, যৌন হয়রানি নিরোধকেন্দ্রের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে রুবেল আনসারের বিষয়ে পৃথক উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি যৌন হয়রানি নিরোধকেন্দ্রের তদন্ত কমিটি নয়; বরং বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত একটি স্বতন্ত্র তদন্ত কমিটি। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষক এবং বিজয়’২৪ হলের ক্যানটিনকর্মীর বিরুদ্ধে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। প্রশাসনের সঙ্গে একাধিক দফা বৈঠকেও সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
পরে গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বৈঠকের পর ভবনের তালা খুলে দেওয়া হয়। প্রশাসন জানায়, সুষ্ঠু তদন্ত ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা পৃথক বিবৃতিতে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় না ফেরার ঘোষণা দেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ভিডিও ধারণের অভিযোগে অভিযুক্ত ক্যানটিনকর্মী ইমাম হাসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট হল প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা, যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত অধ্যাপক রেজাউল ইসলাম ও অধ্যাপক রুবেল আনসারকে স্থায়ীভাবে বহিষ্কার এবং স্পন্দন-২৪ ক্লাবের নিবন্ধন বাতিল।
উল্লেখ্য, গত ১৮ জুন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে মেসেঞ্জারে অশালীন বার্তা পাঠানো ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। পরে তাকে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে, গত বছরের আগস্টে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে দুই ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ ওঠে। একটি অভিযোগ থেকে তিনি অব্যাহতি পেলেও অন্য অভিযোগে তাকে দুই বছরের জন্য সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া গত সপ্তাহে বিজয় ২৪ হলের ছাত্রীদের শৌচাগার ও গোসলখানার ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে ক্যানটিনকর্মী ইমাম হাসানকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই ঘটনায় তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়।