কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার একই ঘটনা ঘটেছে মানুষের সাথে নওগাঁর বদলগাছীতে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছিল। নওগাঁর বদলগাছীতে এবার একই রকম ঘটনা ঘটেছে মানুষের সাথে।
মো. মর্তুজা (৪৫) নামে এক ব্যক্তিকে হাত-পা ও মুখ বেঁধে, কোমরে ইট বেঁধে খালে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের মাতাজি রোড এলাকার নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার দক্ষিণ পাশে।
ভুক্তভোগী মো. মর্তুজা বদলগাছী সদর ইউনিয়নের বদলগাছী হাড়িপাড়া গ্রামের মৃত আবুল কাশেম ছেলে।
দুর্বৃত্তরা তাকে হাত-পা ও মুখ বেঁধে, কোমরে পাঁচটি ইট বেঁধে পাশের একটি খালে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
পাশেই থাকা একটি ওয়েল্ডিং দোকানের মালিক রুবেল আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আলো ফেললে খালের মধ্যে মর্তুজাকে দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে মর্তুজাকে অজ্ঞান অবস্থায় পানি থেকে উদ্ধার করেন।
ঘটনাস্থলের পাশে থাকা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জীবিত রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলি।
এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবুও বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।”