আবদুল্লাহ আল-মামুন, ফেনী
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১২:২৭ পিএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
কথা ছিল মাস শেষে নির্ধারিত বিল মেটালেই পাওয়া যাবে নিরবচ্ছিন্ন সেবা। কিন্তু বাস্তবে মিলছে কেবল দীর্ঘ অপেক্ষা আর একরাশ ভোগান্তি। ফেনী শহর ও আশপাশের এলাকায় আবাসিকের গ্যাস পাইপলাইনগুলো এখন যেন কেবলই স্মারক। দিন-রাতের চব্বিশ ঘণ্টার মধ্যে চার ঘণ্টাও ঠিকমতো মেলে না নীল আগুনের দেখা।
ভুক্তভোগী গ্রাহকদের ভাষ্যমতে, তারা এখন আটকা পড়েছেন এক অনন্য ‘জ্বালানি ফাঁদে’। গ্যাস না পেয়েও প্রতি মাসে গুনতে হচ্ছে পাইপলাইনের সরকারি বিল, অন্যদিকে সংসার চালাতে বাধ্য হয়ে কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার কিংবা ব্যবহার করতে হচ্ছে ইলেকট্রিক চুলা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় ৩২ হাজার আবাসিক গ্রাহক দীর্ঘদিন ধরে এই দ্বিগুণ খরচের বোঝা টানছেন।
রান্নাঘর থেকে হোটেল: বদলে যাওয়া রুটিন
শহরের রামপুর, পূর্ব উকিলপাড়া, পেট্রোবাংলা, বাঁশপাড়া ও আলোকদিয়াসহ প্রায় প্রতিটি মহল্লাতেই একই চিত্র। ভোর চারটা থেকে সকাল ছয়টার মধ্যে যা একটু গ্যাসের চাপ থাকে, সকাল সাতটা বাজতেই তা শূন্যের কোঠায় নেমে আসে। দুপুর গড়িয়ে গভীর রাত না হওয়া পর্যন্ত আর দেখা মেলে না প্রয়োজনীয় গ্যাসের।
পূর্ব উকিলপাড়ার গৃহিণী ফাহিমা আবেদীন ক্ষোভ প্রকাশ করে বলেন, বাসায় তিন রকমের ব্যবস্থা রাখতে হয়েছেÑ লাইন গ্যাস, সিলিন্ডার আর ইলেকট্রিক চুলা। তিন জায়গায় খরচ দিয়ে সংসার চালানো এখন অসম্ভব হয়ে পড়েছে।
একই ভোগান্তির কথা জানান শহরতলির আলোকদিয়ার কাজী রিয়াজ। তিনি বলেন, গ্যাস আসে রাত বারোটায়, চলে যায় ভোর ছয়টায়। আমরা কি মানুষ নাকি রাতে জেগে রান্না করার যন্ত্র?
সকালের নাস্তা ও দুপুরের খাবারের জন্য অনেকেই এখন নির্ভরশীল হয়ে পড়েছেন এলাকার হোটেল-রেস্তোরাঁর ওপর। এতে একদিকে যেমন দৈনন্দিন জীবনযাত্রার খরচ বহুগুণ বাড়ছে, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে শিশুদের নিয়ে।
লোকসানে কারখানা, আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি
সংকট কেবল বাসা-বাড়িতেই সীমাবদ্ধ নেই, থাবা বসিয়েছে স্থানীয় শিল্প-কারখানাতেও। গ্যাসের প্রেশার বা চাপ স্বাভাবিক না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, প্রতিদিন গুনতে হচ্ছে লোকসান।
পুরাতন পুলিশ কোয়ার্টারের এক ভবন মালিক নিজাম উদ্দিন জানান, তার সাততলা ভবনের ভাড়াটিয়ারা গ্যাস না পেয়ে এখন লাইনের বিল দিতে রাজি হচ্ছেন না। একাধিকবার বাখরাবাদ গ্যাস অফিসে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি।
ফেনী বিসিক শিল্প নগরীর কারখানা মালিক আনোয়ার হোসেন বলেন, আমরা নিয়মিত বিল দিয়েও জাতীয় গ্রিডের গ্যাস পাচ্ছি না। কারখানায় যেসব অটোমেটিক মেশিন আছে, সেগুলো চালাতে নির্দিষ্ট ও নিরবচ্ছিন্ন প্রেশারের গ্যাস লাগে। চাপ হঠাৎ কমে গেলে রানিং চালানের কোটি টাকার প্রসেসিং নষ্ট হয়ে যায়। এখন বিকল্প হিসেবে চড়া দামে ডিজেল দিয়ে জেনারেটর চালাতে গিয়ে উৎপাদন খরচ ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে গেছে। স্থানীয় বাজারে যেখানে প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে, সেখানে এই লোকসান টেনে কারখানা চালু রাখা অসম্ভব। বাখরাবাদ গ্যাস যদি দ্রুত সুনির্দিষ্ট সমাধান না দেয়, তবে আমাদের মতো উদ্যোক্তাদের কারখানা বন্ধ করে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
বিস্কুট ও বেকারি শিল্প মালিক আবদুল মোতালেব জানান, খাদ্য প্রস্তুতকারী শিল্পে সময়ের সঠিক হিসাব আর গ্যাসের প্রেশারটাই আসল। ওভেনে গ্যাসের প্রেশার না থাকলে বিস্কুট, ব্রেড কিংবা অন্যান্য বেকারি আইটেমের সঠিক কোয়ালিটি আসে না, পুরো ব্যাচটাই নষ্ট হয়ে যায়।
পুরনো পাইপলাইন ও অস্পষ্ট সমাধান
হঠাৎ কেন এই সংকট? বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনী কার্যালয় সূত্র জানাচ্ছে, জেলার পুরনো সঞ্চালন লাইনগুলোর পরিবহন সক্ষমতা কমে যাওয়ায় এই চাপ সামলানো সম্ভব হচ্ছে না।
যোগাযোগ করা হলে বাখরাবাদ গ্যাসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আখতারুজ্জামান সমস্যাটি স্বীকার করে জানান, মূলত সঞ্চালন লাইনের জটিলতার কারণেই কাঙ্ক্ষিত চাপে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। তবে নতুন লাইন নির্মাণ বা বিকল্প ব্যবস্থার মাধ্যমে কবে নাগাদ গ্রাহকরা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন, সে বিষয়ে তিনি নিশ্চিত কোনো সময়সীমা জানাতে পারেননি।