× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিপন দিয়েও বাঁচানো গেল না সোহাগকে

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১১:২৩ এএম

ছেলে সোহাগের মৃত্যুশোকে কান্নায় ভেঙে পড়েছেন মা শাহিনুর বেগম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছেলে সোহাগের মৃত্যুশোকে কান্নায় ভেঙে পড়েছেন মা শাহিনুর বেগম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলার তরুণ সোহাগ মুনশি (২৪)।

কিন্তু সেই স্বপ্ন পূরণ তো দূরের কথা, পরিবারের অভিযোগ- মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে হয়েছে তাকে।

প্রায় ১০ মাস ধরে মুক্তিপণের নামে দফায় দফায় প্রায় ৬০ লাখ টাকা আদায়ের পরও শেষ পর্যন্ত আরও ২৮ লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে না পারায় লিবিয়ার একটি বন্দিশালায় নির্যাতনের একপর্যায়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।

শেষ ফোনে ছিল মৃত্যুভয়

সোহাগের মৃত্যুর পর থেকে শোকে মুহ্যমান তার পরিবার। ছেলের শেষ ফোনকলের স্মৃতি মনে করে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা শাহিনুর বেগম। 

তিনি বলেন, ‘‘মা, মাফিয়ারা আমাগো ধরছে, জুলহাস দালাল আমাগো বেঁইচা হালাইছে। মা, তুমি ওগের টাকা দাও, নাইলে আমারে ছাড়বে না, মাইরা ফালাইবে।’’

তিনি জানান, ছেলের আর্তনাদের মাঝেই ফোনের অপর প্রান্ত থেকে মারধরের শব্দ শুনতে পান। তখন তিনি আকুতি জানিয়ে বলেন, ‘‘বাজান তোমাগো হাতে-পায় ধরি, তোমরা আমার পোলারে মাইরো না, কিছু কইরো না। আমারে একটু সময় দাও। আমি তোমাগো টাকা দিয়া দিমু।’’ কিন্তু সেই আকুতি কোনো কাজে আসেনি।

শাহিনুর বেগমের দাবি, “১০ মাসে ধাপে ধাপে ৬০ লাখ টাকা দিছি, আরও ২৮ লাখ দাবি করছে। কিন্তু বাকি টাকা দিতে না পারায় ওরা আমার পোলারে মাইরা ফালাইছে। আমার ছেলেতো গেছেই, আমার ছেলের লাশটা ফিরাইয়া দাও। আমার বাবারে শেষবারের মত দেইখ্যা কী মরতে পারুম।”

স্বপ্নের যাত্রা বন্দিশালায় শেষ

পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত বছরের ২৩ সেপ্টেম্বর স্থানীয় দালালদের মাধ্যমে ২২ লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তিতে বাড়ি ছাড়েন সোহাগ।

প্রথমে তাকে সৌদি আরব এবং পরে লিবিয়ার বেনগাজিতে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি দালালচক্র তার পাসপোর্ট কেড়ে নিয়ে রাজধানী ত্রিপোলির একটি বন্দিশালায় আটকে রাখে।

প্রথমদিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুদিনের মধ্যেই শুরু হয় নির্যাতন। মুক্তিপণের নামে একের পর এক অর্থ দাবি করতে থাকে দালালচক্র। ছেলেকে বাঁচানোর আশায় পরিবারের সদস্যরা ধারদেনা করেন, এমনকি জমিজমাও বিক্রি করেন। কিন্তু টাকা নিয়েও সোহাগকে ইতালিতে পাঠানো হয়নি, দেশে ফেরানোর উদ্যোগও নেওয়া হয়নি। বরং আরও ২৮ লাখ টাকা দাবি করা হয়। 

পরিবারের অভিযোগ, সেই অর্থ নির্ধারিত সময়ে দিতে না পারার তিন দিনের মাথায় গত ২৪ জুলাই বন্দিশালায় নির্যাতনের মধ্যেই সোহাগের মৃত্যু হয়। যদিও স্থানীয় দালালরা বিষয়টি গোপন রাখে। পরে লিবিয়ায় থাকা মাদারীপুরের এক প্রবাসীর মাধ্যমে মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।

বিচার চায় পরিবার

নিহতের বড় ভাই সুজন মুনশি বলেন, “দালালের সঙ্গে ২২ লাখ টাকায় আমাগো চুক্তি হয়। এই টাকার মধ্যেই সমুদ্র পাড় করে দিবে বলেছিল। লিবিয়া থেকে এক সপ্তাহের মধ্যে গেম দেওয়ার কথা থাকলেও ওরে ৭ থেকে ৮ মাস আটরে রাখে।

“পরে দফায় দফায় মুক্তিপণের ৪৮ লাখ টাকা দিলেও ওরে ইতালিও পাঠাইলো না, দেশেও ফেরত পাঠাইলো না। দালালের নির্যাতনে আমার ভাই মইরা গেছে। যারা আমার ভাইর মৃত্যু জন্য দায়ী তাদের বিচার চাই।”

ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়ে বাবা আশরাফ আলী মুনশি বলেন, “আমার টাকাও গেল, পোলাও গেল। জমিজমা যা ছিল সবকিছু শেষ। আমার ছেলেরে তো আর ফেরত পাবো না। কিন্তু পোলার মরা লাশ দেখতে চাই। ওর লাশটা যেন সরকার দেশে আইনা দেয়, এইডাই চাই।”

আইনি পদক্ষেপের আশ্বাস

পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল ময়না আক্তার ‘মানবপাচারকারী’ জুলহাস সরদারের হয়ে কাজ করতেন। জুলহাসের বিরুদ্ধে মানবপাচারের অন্তত ১০টি মামলা রয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, লিবিয়ার বন্দিশালায় এক তরুণের মারা যাওয়ার ঘটনায় নিহতের মা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনায় প্রধান আসামি জুলহাস কয়েকদিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, দালালদের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। দালালের প্রলোভনে পড়ে অবৈধপথে ইতালি যাওয়ার এই প্রতিযোগিতা বন্ধে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা