× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীন-প্রবীণ স্নায়ুযুদ্ধ চলছে বিএনপিতে

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ০৯:১২ এএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ০৯:১৩ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ ১৭ বছর রাজপথে ঘাম আর রক্ত ঝরানো সংগ্রাম। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর সেই সংগ্রামের ফসল ঘরে তুলতে এবার নির্বাচনী ময়দানে নামতে মরিয়া বিএনপির তরুণ নেতৃত্ব। লক্ষ্য, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। তবে পথটা মোটেও মসৃণ নয়। কারণ, দলের চরম দুঃসময়ে হাল ধরে রাখা প্রবীণ ও অভিজ্ঞ নেতারাও নিজ নিজ অবস্থান ছাড়তে নারাজ। ফলে চসিকের ৪১টি সাধারণ ওয়ার্ড ঘিরেই বিএনপির অন্দরে এখন বইছে ‘নবীন বনাম প্রবীণ’ স্নায়ুযুদ্ধ। তারুণ্যের অদম্য স্পৃহা নাকি বয়সের পরিণত অভিজ্ঞতাÑ দলের হাইকমান্ড শেষ পর্যন্ত কার হাতে তুলে দেবে মনোনয়নের চাবিকাঠি? চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এখন এটিই সবচেয়ে বড় আলোচনার বিষয়।

তরুণ ও প্রবীণদের এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের একটি ইতিবাচক দিকও রয়েছে। একটি সুস্থ প্রতিযোগিতার মাধ্যমেই যোগ্য প্রার্থী বেরিয়ে আসতে পারেন। তবে দলের ভেতরের এই কোন্দল যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে নির্বাচনে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে, তরুণদের উদ্যম আর প্রবীণদের অভিজ্ঞতার মেলবন্ধনই হতে পারে সবচেয়ে আদর্শ সমাধান।

একাধিক প্রার্থী ও ভোট ভাগের শঙ্কা

দীর্ঘদিন ধরে চসিকে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। ৫ আগস্টের পর সেখানে একটি দৃশ্যমান রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে বিএনপির একাধিক নেতা একই ওয়ার্ডে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, চসিকের ৪১টি সাধারণ ওয়ার্ডের অনেকগুলোতেই তরুণ ও প্রবীণ মিলিয়ে বিএনপির তিন থেকে চারজন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। একই দলের এত প্রার্থী মাঠে থাকলে ভোট বিভক্ত হয়ে প্রতিপক্ষের জন্য সুবিধা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তৃণমূলের নেতাকর্মীরা। অতীতে চসিক নির্বাচনে অভ্যন্তরীণ এই বিভাজনের কারণে একাধিক ওয়ার্ডে দলের শক্তিশালী প্রার্থীদের পরাজয়ের তেতো অভিজ্ঞতা রয়েছে। এবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হলে ফলাফল অপ্রত্যাশিত হতে পারে।

তরুণ প্রার্থীরা মনে করছেন, পুরনো ধারার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন চিন্তা ও উদ্যম নিয়ে এলাকার উন্নয়ন করা প্রয়োজন। সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে এবং তৃণমূলের সাথে কাজ করে অনেকেই ইতোমধ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন। তাদের দাবি, তরুণ প্রজন্মের সমস্যাগুলো তরুণরাই সবচেয়ে ভালো বোঝেন। অন্যদিকে, প্রবীণ নেতারা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং এলাকার মানুষের সাথে গড়ে ওঠা নিবিড় সম্পর্ককেই নিজেদের সবচেয়ে বড় পুঁজি হিসেবে দেখছেন। তাদের মতে, শুধু আবেগ আর তারুণ্য দিয়ে রাজনীতি হয় না; মানুষের সুখ-দুঃখের সাথে মিশে থাকার অভিজ্ঞতাই কার্যকর জনপ্রতিনিধিত্বের মূল শর্ত। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সুযোগে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী-সমর্থকদের মাঝেও বিভাজন তৈরি হচ্ছে।

যেসব ওয়ার্ডে লড়াই সবচেয়ে জমজমাট 

চসিক নির্বাচন সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা এখন তুঙ্গে। এর মধ্যে কয়েকটি ওয়ার্ডে প্রতিযোগিতার মাত্রা বেশ তীব্র। ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে সবচেয়ে বেশি প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আলোচনায় আছেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হাসান লিটন, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ম. হামিদ, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি হুমায়ুন রশীদ, ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মুহাম্মদ ইলিয়াস শেকু, মহানগর যুবদলের সাবেক সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, নগর বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক আব্দুল আজিজ এবং ওয়ার্ড বিএনপি নেতা সিরাজুল ইসলাম।

৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডেও নবীন-প্রবীণের তুমুল লড়াই। সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির চৌধুরী, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপির সদস্য ইস্কান্দার মির্জা এবং তরুণ নেতা ও নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ।

২১ নম্বর জামালখান ওয়ার্ডে আলোচনায় রয়েছেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাত, সদস্য সচিব দিদারুল আলম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাহেদ বক্স, সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী এবং মহানগর যুবদলের সাবেক নেতা রুবেল বড়ুয়া। 

৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড

এখানে প্রবীণ ও নবীনের মিশ্রণে সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, সাবেক সাধারণ সম্পাদক রোখন উদ্দিন মাহমুদ, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুল এবং ইপিজেড থানা যুবদলের সাবেক আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ।

কী বলছেন দলের নেতাকর্মীরা

তরুণ বিএনপি নেতা মো. আজম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন। সেই লক্ষ্যেই তিনি এগিয়ে যাচ্ছেন। দল যদি ব্যক্তিগত জনপ্রিয়তা ও যোগ্যতার ভিত্তিতে কোনো প্রবীণ বা তরুণ নেতাকে বেছে নেয়, আমরা সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব। তবে দীর্ঘ ১৭ বছর রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা তরুণরা যদি জনপ্রতিনিধি হয়ে দেশসেবার সুযোগ পায়, তবে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন আরও সহজ হবে। আর দল প্রবীণদের মূল্যায়ন করলে আমরা তাদের পাশেই থাকব।’

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ এই প্রতিবেদককে বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নবীন ও প্রবীণের সমন্বয়ে আগামীর রাষ্ট্র পরিচালনার রূপরেখা দিয়েছেন। আমরা বিশ্বাস করি, চসিক নির্বাচনেও এই সমন্বয়ের প্রতিফলন ঘটবে। দেশের পরিবর্তনের জন্য নতুন নেতৃত্ব অপরিহার্য।’

কাউন্সিলর পদপ্রার্থী ও নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘যারা দলের দুঃসময়ে মাঠে সক্রিয় ছিলেন, যাদের তৃণমূলের শক্ত সমর্থন ও ধারাবাহিক সামাজিক সম্পৃক্ততা রয়েছে, তাদেরই প্রার্থী করা উচিত। প্রবীণদের দীর্ঘ অভিজ্ঞতা এবং মানুষের সাথে মিশে থাকার ক্ষমতাই কার্যকর জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে।’

সার্বিক বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘তরুণরা যদি প্রার্থী হতে চায়, তবে এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচিতি ও জনপ্রিয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অনেকেই কেবল ব্যানার টাঙিয়ে পরিচিত হতে আসেন, আবার কেউ কেউ সত্যিই নির্বাচন করার যোগ্যতা রাখেন। সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেই দল থেকে চূড়ান্ত সমর্থন দেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা