কুড়িগ্রাম প্রতিবেদন
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ২২:২০ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৬ ২২:২০ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
ফুলবাড়ী উপজেলা সদরে বৃহস্পতিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে বুধবার ফুলবাড়ী উপজেলা ছাত্রশক্তির সেক্রেটারি আযান আহমেদ শাওনের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় জেলা এনসিপি ও ছাত্রশক্তি। ফুলবাড়ী থানা রোডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কে আসার পথে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল যুবক। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে জেলা ছাত্রশক্তির নেতা শান্ত এবং ফুলবাড়ী উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ বলেন, “যুবদল-ছাত্রদলের অতর্কিত হামলায় আমাদের ২০জন নেতা-কর্মী আহত হযেছেন। এর মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা দোষীদের অবিলম্বে গ্রেতারের দাবি জানাই।”
অভিযোগের বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফুলবাড়িতে এসেছি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।”
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, “এনসিপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী হামলা চালায়। এতে ৫ থেকে ৬ জন এনসিপির নেতাকর্মী আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”