চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৯:৪৬ পিএম
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া সরকারের অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, “শিক্ষা ও খেলাধুলাকে সমন্বয় করে সুস্থ, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলাই তৃণমূল পর্যায় থেকে আয়োজিত দেশব্যাপী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর মূল উদ্দেশ্য।”
চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “তৃণমূল পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণ এবং যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রতিযোগিতা শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়। এটি দেশের শিক্ষার্থীদের অংশ গ্রহণে একটি বৃহৎ ক্রীড়া উদ্যোগ।”
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “মেধাবী ফুটবলার নির্বাচন করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি, স্কুল কলেজ পর্যায়ে নিয়মিত ফুটবল চর্চার পরিবেশ সৃষ্টি এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। তাছাড়া এর মাধ্যমে তরুণ সমাজকে মাদক সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যাবে। ফলে তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা সৌহার্দ্র ও দলগত মনোভাব গড়ে উঠবে।”
ইতোমধ্যে সারা দেশে এ প্রতিযোগিতা আয়োজনের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
এহছানুল হক মিলন বলেন, “চট্টগ্রাম থেকে একই দিনে ও একই সময়ে দেশের সব উপজেলায় একযোগে এই টুর্নামেন্ট উদ্বোধন করা হবে। তবে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বরের ৯ বা ১০ তারিখ টুর্নামেন্টটি উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়া ইতিহাসে সর্ববৃহৎ অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। যেখানে সারাদেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ কোটি ৬০ লক্ষাধিক শিক্ষার্থী অংশ নেবে।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় টুর্নামেন্টের চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান হবে বন্দর নগরী চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বয়ং প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, “একটি ভবন শক্ত করতে হলে যেমন এর ভিত্তি শক্ত করতে হয়। তেমনি ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য যেতে হবে একদম তৃণমূল পর্যায়ে।”
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে এনে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য। ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে খেলোয়াড় তৈরি হলে দেশের ক্রীড়াঙ্গন আরও শক্তিশালী হবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের বিভিন্ন দেশে ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীরা স্কলারশিপের সুযোগ পায়। বাংলাদেশের মেধাবী খেলোয়াড়দেরও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক।