জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৬:১৭ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৬:৪৪ পিএম
মেলান্দহ থানা। ছবি: সংগৃহীত
জামালপুরের মেলান্দহে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ৬ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী বাজার এলাকায় বুধবার বিকেলে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতাল ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
স্থানীয়রা জানান, ইউপি নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করা এবং এলাকায় দলীয় প্রভাব ধরে রাখা নিয়ে মেলান্দহের স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই ভেতরে ভেতরে চরম উত্তেজনা বিরাজ করছিল।নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই রাজনৈতিক পারদ আরও চড়তে থাকে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন উভয়পক্ষের কর্মী-সমর্থকরা মুখোমুখি হলে প্রথমে তীব্র কথাকাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। বেশ কিছু সময় ধরে চলা এই সহিংসতায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দিগ্বিদিক ছোটাছুটিতে শুরু করেন।
নেতাকর্মীরা জানান,
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার এবং উপজেলা বিএনপির যুগ্ম
সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনুর অনুসারী ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর
কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর থেকে এলাকায় দুই পক্ষের
মধ্যে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নেতাকর্মীদের একাংশের বক্তব্য অনুযায়ী, প্রতিপক্ষের উসকানিমূলক বক্তব্য এবং এলাকায় একক আধিপত্য বিস্তারের চেষ্টার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে উপজেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, এ ঘটনার পেছনে কোনো বিশেষ মহলের উসকানি থাকতে পারে। দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে চর গোবিন্দ বাজারসহ সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।