শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৫:০০ পিএম
বগুড়ার শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার পৃথক দুটি এলাকায় বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান ও শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন।
পুলিশ জানায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির একটি দলীয় কর্মসূচিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলার অভিযোগে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এজাহারে ১৪১ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়া আবদুল হান্নান মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে তোফাজ্জল হোসেন তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন। বুধবার সন্ধ্যা থেকে পরিচালিত অভিযানে রাত সাড়ে ৮টার দিকে মির্জাপুর বাজার থেকে আবদুল হান্নান এবং রাত ৮ টার দিকে ঘোলাগাড়ি বাজার এলাকা থেকে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই জাহিদুল।