খুলনা অফিস
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১২:৫৭ পিএম
ছবি: প্রতীকী
খুলনা নগরীর হরিণটানা থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের মাধ্যমে বৃহস্পতিবার সকাল
৯টার দিকে লেকের পানিতে একটি শিশুর মরদেহের খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) হেলাল উদ্দিন জানান, মৃত শিশুটির বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর হবে। তার উচ্চতা
প্রায় ৪ ফুট ৯ থেকে ১০ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয়
আইনগত কার্যক্রম শুরু হয়েছে। উদ্ধারকালে তার পরনে ছিল বাদামি রঙের পাঞ্জাবি ও সাদা
পায়জামা।
তিনি আরও জানান, শিশুটির পরিচয় শনাক্তের
চেষ্টা চলছে। খুলনা মহানগরী ও আশপাশের এলাকায় কোনো শিশু নিখোঁজ হয়ে থাকলে বা শিশুটির
পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দ্রুত হরিণটানা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো
হয়েছে।