ফেনীর সোনাগাজীর ডাঙ্গি খাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় নেওয়া সাতটি খাল পুনঃখনন প্রকল্পের মধ্যে দুটি নির্ধারিত সময়ে শেষ করা যায়নি।
অন্যদিকে পাঁচটি প্রকল্পের কাজ শেষ হলেও বরাদ্দের পুরো অর্থ ব্যয় হয়নি।
ফলে অব্যয়িত ৭ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩৪৩ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্র জানায়, সাতটি প্রকল্পে মোট বরাদ্দ ছিল ১২ কোটি ২ লাখ ৭৫ হাজার ৪৭৮ টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ৪ কোটি ২১ লাখ ২৪ হাজার ১৩৫ টাকা। অর্থবছর শেষ হয়ে যাওয়ায় অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।
অসম্পূর্ণ থাকা দুটি প্রকল্পের একটি সোনাগাজী উপজেলার ডাঙ্গি খাল পুনঃখনন। এ প্রকল্পে ৫ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ৯৪৫ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৭৬ লাখ ৩০ হাজার ৬২১ টাকা।
এতে কাজের অগ্রগতি হয়েছে ৫৮ দশমিক ৮৫ শতাংশ। অব্যয়িত ৪ কোটি ৯০ লাখ ২০ হাজার ৩২৪ টাকা ফেরত দেওয়া হয়েছে।
প্রকল্পটির দৈর্ঘ্য, প্রাক্কলিত ব্যয় ও পরিকল্পনা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠায় জেলা প্রশাসন একটি যাচাই কমিটি গঠন করেছিল।
শেষ হয়নি দুটি প্রকল্প
অন্য অসম্পূর্ণ প্রকল্পটি পরশুরাম উপজেলার বক্সমাহমুদের ভেদা খাল পুনঃখনন।
এই খালের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা বরাদ্দের মধ্যে ৩১ লাখ ১৯ হাজার ৭৮২ টাকা ব্যয়ে ৮৬ দশমিক ৬৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৪৬ লাখ ৯ হাজার ৬১ টাকা কোষাগারে ফেরত গেছে।
অন্য পাঁচটি প্রকল্পের শতভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এগুলো হলো ফেনী সদরের দাউদপুর-মধুয়াই ও মোহাম্মদ আলী খাল, ফুলগাজীর গতিয়া খাল এবং দাগনভূঞার বিরলী ও সিলোনিয়া বাজার-নেয়াজপুর খাল।
তবে কাজ শেষ হওয়ার পরও বরাদ্দের তুলনায় কম ব্যয় হওয়ায় এসব প্রকল্পেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উদ্বৃত্ত থাকে।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বলেন, অর্থবছর শেষ হওয়ায় বিধি অনুযায়ী অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হয়েছে। নতুন বরাদ্দ পাওয়া গেলে বাকি কাজ শেষ করা হবে।
সোনাগাজী উপজেলা ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
তবে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, গুণগত মান বজায় রেখে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ব্যয় না হওয়া অর্থ বিধি অনুযায়ী কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, জুনের মধ্যে কাজ শেষ করার বাধ্যবাধকতা ছিল। নির্ধারিত সময়ে সম্পন্ন হওয়া কাজের বিল পরিশোধ করে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তার মতে, পুনঃখনন করা খালগুলো স্থানীয় জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।