× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থামছে না বালুখেকোদের থাবা

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১০:৪৫ এএম

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ফেরিঘাট সামনে ধনু নদীতে ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ফেরিঘাট সামনে ধনু নদীতে ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের নদী ও হাওরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন উদ্বেগজনকভাবে বেড়েছে। জেলার বিভিন্ন নদী থেকে ড্রেজার বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ দীর্ঘদিনের। প্রশাসনের নিয়মিত অভিযান, জরিমানা ও ড্রেজার জব্দের পরও থামছে না বালু উত্তোলন। কয়েক দিন পর একই স্থানে ফের বালু উত্তোলন শুরু হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে নদীভাঙন, কৃষিজমি বিলীন, জীববৈচিত্র্যের ক্ষয়, সরকারি অবকাঠামো হুমকির মুখে পড়ার পাশাপাশি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাও ঘটছে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী এবং প্রশাসনের একাধিক সূত্র জানায়, জেলার অন্তত ৫০টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। নিকলীর ঘোড়াউত্রা, ধনু ও বোয়ালী নদী, অষ্টগ্রামের কালনী (মেঘনা) ও ধনু নদী, ভৈরবের শীতলপাটি নদী, পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র, বাজিতপুর, কুলিয়ারচর ও করিমগঞ্জের কয়েকটি নদী বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

সর্বশেষ গত ১৮ জুলাই নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় ঘোড়াউত্রা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কাছুম আলী (৬৫) নামে একজন মারা যান। আহত হন রমিজ মেম্বার, হিরু মিয়াসহ কয়েকজন। স্থানীয়দের দাবি, নদী থেকে বালু উত্তোলনের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। গত তিন বছরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে জেলায় অন্তত তিনজন মারা গেছেন। অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সরেজমিনে নিকলী ও অষ্টগ্রামে গিয়ে দেখা যায়, নদীর বুকে একাধিক ড্রেজার বসিয়ে দিন-রাত বালু উত্তোলন চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান শুরু হলে কয়েকদিন ড্রেজার বন্ধ থাকে। পরে ফের কার্যক্রম শুরু হয়। এতে নদীর তলদেশ অস্বাভাবিকভাবে গভীর হয়ে নদীতীরের বসতভিটা, কৃষিজমি এবং পানি উন্নয়ন বোর্ডের নদীতীর রক্ষা বাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, নিকলীর ছাতিরচর এলাকায় নদীতীর রক্ষা বাঁধও বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

অষ্টগ্রাম উপজেলার দোয়েলপুর, বালিখোলা ফেরিঘাট ও সূতারপাড়া এলাকায়ও একই চিত্র। স্থানীয়দের অভিযোগ, নদী ইজারার সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র একাধিক ড্রেজার বসিয়ে নিয়মিত বালু উত্তোলন করছে। প্রতিদিন শত শত নৌযানে বালু বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এতে সূতারপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে।

সূতারপাড়ার কৃষক মানিক মিয়া বলেন, বালু উত্তোলনের কারণে আমাদের প্রায় ৫০ একর জমি নদীতে চলে গেছে। প্রতিবাদ করলে ভয়ভীতি ও হামলার হুমকি দেওয়া হয়। নদীপাড়ের বাসিন্দা নূরুজ্জামান বলেন, প্রভাবশালী একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে নদী থেকে বালু তুলছে। আমরা বাধা দিলেও কোনো প্রতিকার পাচ্ছি না।

পাকুন্দিয়ার নারিকেলতলারচর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকেও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম। তার অভিযোগ, প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ড্রেজারের মাধ্যমে বালু তুলে বাল্কহেডে করে পাচার করা হচ্ছে। এতে বসতবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। তবে অভিযুক্ত আশরাফ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে অযথা দোষ দেওয়া হচ্ছে। এ ছাড়া ভৈরবের শীতলপাটি নদী, কুলিয়ারচরের মানিকদী ও মেন্দিপুর, বাজিতপুরের দৌলতপুর এবং করিমগঞ্জের বালিখলা ঘাটসংলগ্ন নদীতেও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ রয়েছে।

হাওর বিশেষজ্ঞ ও আইনজীবী হাসনাত কাইয়ূম বলেন, অপরিকল্পিত বালু উত্তোলনে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে। নদীভাঙনের পাশাপাশি হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, কৃষি ও মৎস্যসম্পদের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ছে। জেলে সম্প্রদায়ের সদস্যরা জানান, ড্রেজারের শব্দ ও নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস হচ্ছে। এতে দেশীয় মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং জেলেদের জীবিকা হুমকির মুখে রয়েছে।

অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গত এক বছরে অষ্টগ্রাম, পাকুন্দিয়া ও কটিয়াদীসহ বিভিন্ন উপজেলায় পুলিশ, সেনাবাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একাধিক ড্রেজার জব্দ, ট্রলার আটক এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই ড্রেজার চালক বা শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও নেপথ্যের মূল নিয়ন্ত্রকরা থেকে যাচ্ছেন ধরা-ছোঁয়ার বাইরে। 

স্থানীয় জনপ্রতিনিধি, ইউএনও অফিস ও প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান চলছে। তাদের তথ্য অনুযায়ী, গত দুই বছরে বিভিন্ন উপজেলায় ২৫টিরও বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা জরিমানা আদায়, ২২ জনকে আটক এবং ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। একাধিক ড্রেজার ও বালুবাহী ট্রলার জব্দ করা হলেও স্থানীয়রা মনে করেন, অধিকাংশ ক্ষেত্রেই মাঠপর্যায়ের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও নেপথ্যের মূল নিয়ন্ত্রকরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। ফলে অভিযান শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ফের শুরু হয় অবৈধ বালু উত্তোলন।

ইটনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম রতন বলেন, মূল অর্থদাতা ও নিয়ন্ত্রকদের আইনের আওতায় আনা না গেলে বিচ্ছিন্ন অভিযান দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা সম্ভব নয়। কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি স্বপন কুমার বর্মন বলেন, আগে অবৈধ বালু উত্তোলন বিচ্ছিন্নভাবে হলেও ২০২৪ সালের পর এটি যেন সংগঠিত ব্যবসায় পরিণত হয়েছে। 

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, জেলার ১৩টি উপজেলার ইউএনওকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও অবৈধ বালু উত্তোলনের তথ্য পাওয়া গেলে অভিযান পরিচালনা, জরিমানা, ড্রেজার জব্দ এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা