জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদেনর বাংলাদেশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে ছাত্রলীগ-সংশ্লিষ্ট কয়েকজনকে অন্তর্ভুক্তির অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে ছাত্রদলের নেতারা দাবি করেছেন, এটি সিনিয়র-জুনিয়রদের ভুল-বোঝাবুঝি থেকে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রদলের একটি কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এক কর্মীকে অন্তর্ভুক্তির বিষয় নিয়ে সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি শান্ত করতে সদস্য সচিব মামুন সরকার ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে। প্রথম দফায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল জনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
কয়েক ঘণ্টা পর বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ে রিজওয়ানুল করিম রাব্বী হামলার শিকার হন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাবেক ছাত্রদল নেতা আব্দুর রহিমের দাবি, সদস্য সচিব মামুন সরকারের অনুসারী রিজওয়ানুল করিম রাব্বীসহ কয়েকজন, যারা আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা মামুন সরকারের উপস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান।
অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব বলেন, এটি দুই পক্ষের সংঘর্ষ নয়; একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
তিনি জানান, সদস্য সচিবকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। ছাত্রলীগ-সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের সত্যতা মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সদস্য সচিব মামুন সরকারও বলেন, ঘটনাটি সিনিয়র ও জুনিয়রদের ভুল-বোঝাবুঝির ফল। আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হয়েছে এবং বর্তমানে ক্যাম্পাস স্বাভাবিক রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।