× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাকৃবির উদ্ভাবনে কাঁঠালের বীজে নতুন সম্ভাবনার দুয়ার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২২:০১ পিএম

গাকৃবির বিজ্ঞানীরা কাঁঠালের বীজ থেকে ঘনীভূত খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান বা ‘মিনারেল কনসেন্ট্রেট’তৈরির একটি যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাকৃবির বিজ্ঞানীরা কাঁঠালের বীজ থেকে ঘনীভূত খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান বা ‘মিনারেল কনসেন্ট্রেট’তৈরির একটি যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যে কাঁঠালের বীজ এতদিন রান্নাঘর, বাজার ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে অবহেলিত বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হতো, সেই বীজই এখন পুষ্টি নিরাপত্তা, খাদ্যশিল্প ও কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) বিজ্ঞানীরা কাঁঠালের বীজ থেকে ঘনীভূত খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান বা ‘মিনারেল কনসেন্ট্রেট’তৈরির একটি যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন। উদ্ভাবিত এ প্রযুক্তি ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পেটেন্ট স্বীকৃতিও পেয়েছে।

গাকৃবির খাদ্য প্রকৌশল বিভাগের প্রখ্যাত খাদ্য বিজ্ঞানী প্রফেসর ড. মো. এমদাদুল হক এবং তার স্নাতকোত্তর গবেষক মো. আকরাম হোসেন যৌথভাবে তিন বছরের গবেষণার মাধ্যমে এ প্রযুক্তি উদ্ভাবন করেন। গবেষণাটি বাস্তবায়নে অর্থায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের ‘গ্র্যান্টস ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড এডুকেশন’(জিএআরই) প্রকল্প।

উদ্ভাবনের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) থেকে প্রযুক্তিটি পেটেন্ট লাভ করে। পেটেন্ট নম্বর পি/বিডি/২০২৪/০০০০৪০-এর মাধ্যমে এটি নিবন্ধিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, শুকনো কাঁঠালের বীজে প্রায় ২ শতাংশ খনিজ উপাদান থাকে। গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে এই খনিজ উপাদান ঘনীভূত করে ৩৩ শতাংশের বেশি মিনারেল কনসেন্ট্রেট তৈরি করা সম্ভব হয়েছে। অর্থাৎ কাঁঠালের বীজে থাকা খনিজের ঘনত্ব প্রায় ১৬ থেকে ১৭ গুণ পর্যন্ত বৃদ্ধি করা যায়।

গবেষকদের মতে, এই মিনারেল কনসেন্ট্রেট বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহার করে পুষ্টিমানসম্পন্ন নতুন খাদ্যপণ্য তৈরি করা সম্ভব হবে। এর ফলে এতদিন অপচয় হওয়া কাঁঠালের বীজ একটি উচ্চমূল্যের খাদ্য উপাদানে রূপান্তরের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি কৃষিজ বর্জ্যের কার্যকর ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, খাদ্য অপচয় হ্রাস এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশেও এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটি শুধু একটি পেটেন্ট অর্জনের বিষয় নয়, বাংলাদেশের কৃষি, খাদ্য ও পুষ্টি গবেষণার ক্ষেত্রে এটি একটি নতুন মাইলফলক। কৃষিজ বর্জ্যকে কীভাবে উচ্চমূল্যের পুষ্টিসমৃদ্ধ সম্পদে রূপান্তর করা যায়, গবেষকরা তা দেখিয়ে দিয়েছেন।’

উদ্ভাবক প্রফেসর ড. মো. এমদাদুল হক বলেন, ‘প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা গেলে দেশে নতুন পুষ্টিসমৃদ্ধ খাদ্যপণ্য উন্নয়ন, কাঁঠালভিত্তিক শিল্পের সম্প্রসারণ, কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে।’

উল্লেখ্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৯৭টি উন্নত ফসলের জাত এবং ২১টি প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। কাঁঠালের বীজ থেকে মিনারেল কনসেন্ট্রেট তৈরির এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা