চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২১:০৮ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরের বন্দর থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরের বন্দর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বন্দর থানার আউটার রিং রোড সংলগ্ন গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদের পাশ থেকে বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চট্রগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন মগধরা ২ নম্বর ওয়ার্ডের মো. আবু তাহেরের ছেলে মো. সজীব আলী (১৯) ও বাঁশখালী থানার বাহাড়ছড়া ইউনিয়নের মোক্তার আহমেদের ছেলে মো. তানভীর (২১)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা এ দিন সকালে আনন্দবাজার সাগর পাড়ের পাশে আউটার রিং রোড এলাকা থেকে মিছিল নিয়ে বের হন। মিছিলটি গোসাইলডাঙ্গা আবুল হাশেম মসজিদ এলাকায় আসলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় বাকি আসামিরা পালিয়ে গেলেও সজীব আলী ও তানভীর পুলিশের হাতে ধরা পড়েন।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম প্রতিদিনের বাংলাদেশকে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা মিছিল করছেন—এমন সংবাদ পেয়ে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে ধাওয়া করে। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।