হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২০:৪০ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ২১:৫৬ পিএম
হাকিমপুর থানায় করা জিডি কপি। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারি খাদ্য গুদামে (এলএসডি) বোরো মৌসুমে ধান সংগ্রহে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগের অনুসন্ধানে গিয়ে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে হাকিমপুর থানায় প্রতিদিনের বাংলাদেশ ও মুভিবাংলা টেলিভিশনের হিলি প্রতিবেদক মো. মোকছেদুল মমিন (মোয়াজ্জেম) এ জিডি করেন।
জিডিতে
তিনি উল্লেখ করেন, চলতি বোরো মৌসুমে সরকার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য
অনলাইনে আবেদন আহ্বান করে। কিন্তু একটি অসাধু চক্র প্রকৃত কৃষকদের পরিবর্তে কৃষক নন
এমন ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে কৃষকের নামে আবেদন জমা
দেয়। একই মোবাইল নম্বর একাধিক কৃষকের আবেদনে ব্যবহারের ঘটনাও ঘটে।
তিনি
জানান, এ বিষয়ে সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাইয়ের অংশ হিসেবে গত ২১ জুলাই বিকেল সাড়ে ৫টার
দিকে কৃষক তালিকায় থাকা আবুল কাশেম মণ্ডলের মোবাইল নম্বরে ফোন করেন। প্রায় ৩৪ সেকেন্ড
কথোপকথনে ওই ব্যক্তি জানান, তিনি হিলি সরকারি খাদ্য গুদামে প্রায় তিন মেট্রিক টন ধান
সরবরাহ করেছেন। ওই ফোনালাপের প্রায় ১২ মিনিট পর একই নম্বর থেকে তার মোবাইলে কল আসে।
ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে পরিচয় না দিয়েই এক ব্যক্তি উত্তেজিত হয়ে অশ্লীল
ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
পরে
খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, হুমকিদাতা ব্যক্তি মো. সাখাওয়াত হোসেন (ডিলার সাখো) নামে
পরিচিত। তিনি বাংলাহিলি বাজারে সরকারি খাদ্য গুদামের ধান-চাল কেনাবেচার সঙ্গে জড়িত
বলে অভিযোগ রয়েছে।
ঘটনার
সময় উপস্থিত সাক্ষী হিসেবে ইনকিলাবের প্রতিনিধি মো. মোসলেম উদ্দিন, যায়যায়দিনের রমেন
বসাক এবং সমকালের মো. আবু মুসাসহ আরও কয়েকজন সাংবাদিকের নাম জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে
সাংবাদিক মোকছেদুল মমিন মোয়াজ্জেম বলেন, সংবাদ সংগ্রহ ও সহকর্মীদের সঙ্গে পরামর্শের
কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা সময় লেগেছে। তিনি কল রেকর্ড ও সংশ্লিষ্ট কৃষক তালিকার
কপিও হাকিমপুর থানায় জমা দিয়েছেন।