× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জব্দকৃত সোয়া দুই লাখ ঘনফুট বালু গায়েব

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৯:৩৫ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৯:৪৬ পিএম

ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকায় সরকারিভাবে জব্দকৃত বালু উধাও। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকায় সরকারিভাবে জব্দকৃত বালু উধাও। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়ায় আদালতের নির্দেশে জব্দ করা সরকারি বালুর স্তূপ থেকেই রহস্যজনকভাবে উধাও হয়েছে সোয়া দুই লাখ ঘনফুটের বেশি বালু। তদন্তে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের এ বালু লোপাটের তথ্য উঠে আসার পর সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনিক নজরদারি ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। একই সময়ে চোরাই বালুবাহী ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার এবং বালু কেন্দ্র করে রাজনৈতিক সংঘাতের ঘটনাও সামনে আসায় পুরো ঘটনাকে ঘিরে একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার অভিযোগ জোরালো হয়েছে।

পুলিশ ও থানা সূত্রে জানা যায়, ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকায় সরকারিভাবে জব্দকৃত বালুর সঠিক পরিমাপের দায়িত্ব পান উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম। তিনি গত ১৮ ফেব্রুয়ারি ঘটনাস্থল পরিদর্শন করে ১৭০টি স্তূপে মোট ৩৮ লাখ ৯৮ হাজার ৬৯৭ ঘনফুট বালু রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

তবে পরবর্তীতে আদালতের নির্দেশে পুনরায় সরেজমিন পরিমাপ করা হলে আগের পরিমাপের সঙ্গে বাস্তব অবস্থার বড় ধরনের গরমিল ধরা পড়ে। দ্বিতীয়বারের পরিমাপে দেখা যায়, স্তূপগুলো থেকে মোট ২ লাখ ২৩ হাজার ৮৩০ ঘনফুট বালু কম রয়েছে। প্রতি ঘনফুট বালুর আনুমানিক দর ৩০ টাকা হিসাবে লোপাট হওয়া বালুর আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৬৭ লাখ ১৪ হাজার ৯০০ টাকা।

মামলার এজাহার অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২০ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় অজ্ঞাতপরিচয় চক্র সরকারি এই বালু চুরি করে নিয়ে যায়। ঘটনাটি নিয়ে ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) পংকজ দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে সম্প্রতি শুভপুর ঘাট এলাকা থেকে চোরাই বালুবোঝাই তিনটি ট্রাক জব্দ করে ছাগলনাইয়া থানা পুলিশ। পরবর্তীতে ২৬ জুলাই মধ্যরাতে জিরো পয়েন্ট এলাকা থেকে বালু চুরির সময় আরও দুটি ট্রাকসহ দুই চালককে আটক করা হয়। এসব ঘটনায় পৃথক মামলায় শাহাবুদ্দিন, ফজলুল করিম ও মমিনুল হক নামের তিন ট্রাকচালককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চোরাই বালু উদ্ধারের মামলার তদন্ত কর্মকর্তা এসআই তানভীর মেহেদী জানান, প্রাথমিক তদন্তে সোয়া দুই লাখ ঘনফুটের বেশি বালু চুরির সত্যতা পাওয়া গেছে। কারা এই চুরির সঙ্গে জড়িত এবং চুরিকৃত বালুর প্রকৃত পরিমাণ কত, তা তদন্ত শেষেই নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী নদীর সরকারি বালুর নিয়ন্ত্রণ ও বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে গত কয়েক মাস ধরে এলাকার রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল তীব্র আকার ধারণ করেছে। এর জেরে একাধিকবার সংঘর্ষ, হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে, যাতে বিএনপির এক নেতাসহ অন্তত পাঁচজন আহত হন। সম্প্রতি উপজেলা বিএনপির এক নেতার ওপর হামলার ঘটনাতেও থানায় পৃথক মামলা হয়েছে এবং চারজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু ট্রাকচালকদের গ্রেপ্তার করে এই অপরাধের বিচার সম্ভব নয়। পুরো চক্রের নেপথ্যে থাকা মূল হোতা ও অবৈধ অর্থ লেনদেনে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে বালু ঘিরে এলাকা জুড়ে চলা রাজনৈতিক সংঘাত ও গোলাগুলির ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, বালু চুরির ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি এখন পুলিশ তদন্ত করছে। তদন্ত চলাকালীন এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা