প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৯:১৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৯:১৪ পিএম
হবিগঞ্জ জেলা সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: ইউএনবি
হবিগঞ্জ জেলা সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) থেকে তিন প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
এতে আরও বলা হয়, জনগণের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ১৪৪ ধারা জারিকৃত এলাকায় বিজিবি ড্রোনের মাধ্যমে মাইকিং কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি জেলার সংঘাতপ্রবণ বিভিন্ন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ৫৫ বিজিবি।
অন্যদিকে ‘জুলাই পদযাত্রা’ ঘিরে হামলার পর কর্মসূচিতে অংশ নিতে এনসিপি নেতারা রওনা হয়েছিলেন হবিগঞ্জের পথে। এই যাত্রাপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জে যাওয়ার পথে অন্তত তিন জায়গায় বাধা দেয় পুলিশ। তিনটি বাধা অতিক্রম করে হবিগঞ্জের পথে এগোতেই আরেক দফা বাধার মুখে পড়েন এনসিপির শীর্ষ নেতারা। হবিগঞ্জের মিরপুর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। পরে সেখানেই বসে পড়েন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা।
পরে সেখানে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ সিনিয়র নেতাদের রাস্তায় বসে থাকতে দেখা যায়। সেখানে তুমুল বৃষ্টি শুরু হলে ওই বৃষ্টির মধ্যেই রাস্তায় অবস্থান নিতে দেখা যায় এনসিপি নেতাকর্মীদের।
সেখান থেকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিবিসি বাংলাকে বলেন, ‘রাস্তার মাঝখানে ট্রাক, ট্রাক্টর, পুলিশ বসিয়ে রাখা হয়েছে। আমাদের হবিগঞ্জে যেতে বাঁধা দেওয়া হচ্ছে।’
এর আগে বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা। সেই বহরে থাকা দলটির নেতাকর্মীরা পথে পথে তাদের বাধার বেশ কিছু ভিডিও শেয়ার করেন ফেসবুকে। সেখানে দেখা যায়, রাস্তায় খালি ট্রাক, ছোট ছোট ট্রাক্টর রেখে পথ আটকে রাখা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার সেখানে বিক্ষোভের ডাক দেয় এনসিপি। পাল্টা কর্মসূচি দেয় ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে বুধবার সকাল থেকে হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।