মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৯:১২ পিএম
ছবি: প্রতীকী
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরের পানিতে ডুবে রিবান মিয়া (৪) ও তার ছোট বোন সাফা আক্তার (২) নামে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার।
উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে
বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু রুবেল মিয়ার ছেলে ও মেয়ে। হৃদয়বিদারক
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা
নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির পাশের নিজস্ব পুকুরপাড়ে খেলছিল রিবান ও তার
ছোট বোন সাফা। খেলতে খেলতে একপর্যায়ে অসাবধানতাবশত সাফা পুকুরের পানিতে পড়ে যায়।
ছোট বোনকে পানিতে ডুবতে দেখে তাকে উদ্ধারের
জন্য ছুটে যায় বড় ভাই রিবান। কিন্তু সেও সাঁতার না জানায় পানিতে নেমে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর শিশু দুটিকে আশপাশে দেখতে
না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের
সন্ধান না পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেওয়া হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় বাড়ির পাশের
পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত মিঠামইন উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা
করেন।
চিকিৎসকের এমন ঘোষণার পর হাসপাতালজুড়ে
নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ
হয়ে পড়েছেন শিশু দুটির বাবা-মা ও স্বজনরা। একসঙ্গে দুই সন্তানকে হারানোর বেদনা কোনোভাবেই
মেনে নিতে পারছেন না তারা।
প্রতিবেশীরাও পরিবারটিকে সান্ত্বনা
দিতে ভিড় করেন। শিশু দুটির অকাল মৃত্যুতে পুরো খলাপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মিঠামইন থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ
রেজাউল করিম ঘটনার সত্যতা প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি খোঁজখবর নিয়ে দেখছি।