প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৬:২৮ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৬:২৮ পিএম
সরোয়ার আলমগীর। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে একই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে বুধবার এ আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আদেশ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের আজকের আদেশের পর সরোয়ার আলমগীর এমপি হিসেবে যে শপথ নিয়েছেন বা পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন, সেটি অব্যাহত রাখতে এবং তার দায়িত্ব পালনে কোনো বাধা থাকল না।
তিনি আরও বলেন, এখন অপর পক্ষ চাইলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে পারবেন।
এদিন আদালতে জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সরোয়ারের আলমগীরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রার্থিতা ফিরে পেতে সরোয়ার আলমগীরের করা রিট শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নেন। তবে নির্বাচনে তার ফলাফল প্রকাশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে স্থগিত রাখা হয়।
একপর্যায়ে রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের সে রায়ের পর চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে ৯ জুলাই গেজেট প্রকাশ করে ইসি সচিবালয়। সে দিন সন্ধ্যায় সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নেন।