× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনের ফাঁকে জামিন, বনেই ফেরেন অপরাধীরা

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা)

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৬:০৬ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৬:৩৮ পিএম

কয়রা ও শাকবাড়ী নদীর বানিয়াখালী ফরেস্ট স্টেশন সংলগ্ন এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কয়রা ও শাকবাড়ী নদীর বানিয়াখালী ফরেস্ট স্টেশন সংলগ্ন এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্বল আইনি প্রক্রিয়া, বিচার ব্যবস্থার ফাঁকফোকর, মহাজনি দাদন প্রথা এবং বন বিভাগের জনবল ও আধুনিক অস্ত্রের ঘাটতি।

বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের নিয়মিত টহল থাকলেও নানা কৌশলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

গ্রেপ্তার হলেও আইনের দুর্বলতার সুযোগে অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে অনেকে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে।

অনুসন্ধানে জানা গেছে, সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের পেছনে রয়েছে অর্থলগ্নি ও পাচারের একটি চক্র। প্রভাবশালী মহাজনদের কাছ থেকে মোটা অঙ্কের দাদন নিয়ে অনেক জেলে ঋণ পরিশোধ ও দ্রুত লাভের আশায় নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নদী-খালে বিষ প্রয়োগ করছেন।

স্থানীয় কিছু অসাধু দোকানে গোপনে রিপকর্ড, সাইপারমেথ্রিন, ডাইমেক্রন ও ‘শেফা’র মতো ক্ষতিকর কীটনাশক বিক্রির অভিযোগও রয়েছে।

জনবল সংকটে টহলও দুর্বল

সুন্দরবন পশ্চিম বন বিভাগের তথ্য অনুযায়ী, খুলনা রেঞ্জে অনুমোদিত ৬৪৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ৪২৩ জন। দীর্ঘদিন ধরে ২২১টি পদ শূন্য থাকায় জনবল সংকট নিয়েই দায়িত্ব পালন করতে হচ্ছে বনকর্মীদের। 

অস্ত্রধারী চোরা শিকারিদের মোকাবিলায় আরও ১২টি চাইনিজ রাইফেল, ৪৫টি শর্টগান, ২৪টি সিক্স শুটার ও ছয়টি ট্রাঙ্কুলাইজার গান প্রয়োজন বলে জানিয়েছে বন বিভাগ।

তবে সীমাবদ্ধতার মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরে খুলনা রেঞ্জে ২৯৪টি মামলা দায়ের এবং ৩৯৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অবৈধ প্রবেশের ১০৬টি, বিষ প্রয়োগের ৩৩টি ও হরিণ শিকারের ৩৩টি মামলা রয়েছে।

অভিযানে ২২টি ট্রলার, ৩৪৯টি নৌকা, ৬,৯৮৬টি আটন, ৫,৭১২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৪৮৭ কেজি হরিণের মাংস, ২,৬১২ কেজি মাছ, ১,৯৮১ কেজি কাঁকড়া, ২০৩ কেজি মধু ও ৮৭ বোতল কীটনাশক জব্দ করা হয়েছে।

পাচারের পথেও নজরদারির ঘাটতি

কালোবাজারে প্রতি কেজি হরিণের মাংস ৭০০ থেকে ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে।

কয়ারায় স্থায়ী নিরাপত্তা চেকপোস্ট না থাকায় পাচারকারীরা দক্ষিণ বেদকাশী-কাটকাটা হয়ে কয়রা সদর এবং মহেশ্বরীপুর থেকে বিভিন্ন পথে অবৈধ সম্পদ দেশের অন্যত্র পাচার করছে বলে অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে স্থায়ী চেকপোস্ট, ক্ষতিকর রাসায়নিক বিক্রি বন্ধ এবং নেপথ্যের মহাজনদের আইনের আওতায় আনার দাবি উঠেছে।

কয়রা উপজেলা সুন্দরবন ও পরিবেশ সুরক্ষা পরিষদের সভাপতি আবু হাসান সরদার বলেন, জনবল ও অস্ত্রের ঘাটতি দূর করার পাশাপাশি কয়ারার প্রধান প্রবেশপথে স্থায়ী চেকপোস্ট স্থাপন জরুরি।

আইন সংস্কারের তাগিদ

কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিক বলেন, বন আইন, ১৯২৭-এর ২৬(১) (চ) ধারায় সংরক্ষিত বনাঞ্চলে অপরাধের সাজা নির্ধারিত রয়েছে এবং অপরাধটি জামিন অযোগ্য।

তবে মামলার গুরুত্ব ও ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত বিচারিক বিবেচনায় জামিন দিতে পারেন। সুন্দরবন ও বন্যপ্রাণী রক্ষায় আইনটি আরও যুগোপযোগী করা প্রয়োজন।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, বিষ বা ক্ষতিকর রাসায়নিক দিয়ে মাছ শিকার শুধু জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি করে না, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করে।

এমন মাছ খেলে বমি, পেটব্যথা, ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ নানা সমস্যা হতে পারে বলেও জানান তিনি।

সহকারী বন সংরক্ষক ও খুলনা রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, স্মার্ট টহল ও দুর্গম এলাকায় পায়ে হেঁটে অভিযান চালিয়ে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, ড্রোন ও ফুট পেট্রোলিংয়ের সমন্বয়ে অপরাধ দমনে কাজ চলছে।

পুলিশও নিয়মিত চেকপোস্ট ও নজরদারি চালানোর কথা জানিয়েছে।

তবে সচেতন মহলের অনেকের মতে, শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ, ক্ষতিকর রাসায়নিক বিক্রি বন্ধ, স্থায়ী চেকপোস্ট স্থাপন এবং বন আইনের কার্যকর সংস্কার ছাড়া সুন্দরবন রক্ষায় টেকসই সাফল্য পাওয়া কঠিন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা