হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৫:২৪ পিএম
পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
এনসিপি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে বুধবার সকালে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আজ (বুধবার) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেন”।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, ২৯ জুলাই এনসিপি পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়। একই সময় ও স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। একই সময়ে দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে- এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয় আদেশে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এর আগে, মঙ্গলবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এনসিপির সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও হুইপ জি কে গউছ এমপিকে নিয়ে অশালীন ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠে দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে।
একই দিন বিকাল ৫টায় হবিগঞ্জ শহরে জুলাই জাগরণ পদযাত্রা কর্মসূচি পালন করে এনসিপি। কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে শহরে থানার মোড় এলাকায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা করা হয়।
এনসিপির অভিযোগ, তাদের উপর এই হামলা করেছে ছাত্রদল। এ ঘটনায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী এবং হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহবুব চৌধুরী মুবিনসহ অন্তত ১০ জন আহত হন।
পরে পুলিশ তাদের উদ্ধার করে হবিগঞ্জ সার্কিট হাউসে নিয়ে যায়। রাত প্রায় ১১টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের সিলেটে পাঠানো হয়।
এনসিপি জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় সমাবেশ শেষ করে কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমকে নিয়ে সার্কিট হাউসে যাওয়ার সময় থানার মোড় এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা হামলা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই”।
অপরদিকে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে কেউ যদি এসে অশালীন বক্তব্য দিয়ে শহরকে অস্থিতিশীল করতে চায়, তার দায়ভার তাকেই নিতে হবে। অন্য কেউ এর দায়ভার নেবে না। শুনেছি কোনো অশালীন বক্তব্যকে ঘিরে বিক্ষুব্ধ মানুষজন ধাওয়া দিয়েছে। এ ঘটনার সাথে ছাত্রদল বা বিএনপির কেউ জড়িত নয়”।