ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৫:১০ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৫:১৯ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা, বাস, মাইক্রোবাস ও ট্রাক দুর্ঘটনায় পড়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা, বাস, মাইক্রোবাস ও ট্রাক দুর্ঘটনায় পড়ে। এতে বিভিন্ন যানবাহনের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব সিলেট বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাঝখানে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা, আরও একটি অটোরিকশা, একটি ট্রাক ও একটি মাইক্রোবাসসহ মোট ছয়টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
আহতদের মধ্যে দিনেশ (৬৫), ঝর্ণা রাণী (৫০), টিপু (২২) ও রেজিয়া (৭০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ঝর্ণা রাণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্য আহতরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
ধাক্কা দেওয়া পরিবহনের যাত্রী নাহিদ ইসলাম জানান, ভৈরব টোলপ্লাজার কাছে এসে বাসটির ব্রেক কাজ না করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই সামনে থাকা যানবাহনগুলোতে একের পর এক ধাক্কা লাগে।
আরেক যাত্রী সিরাজুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এর চালক গুরুতর আহত হয়েছেন।”
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি বাস, একটি সিএনজি ও একটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করে। দুর্ঘটনার পর দুই বাস চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”