× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ বছরেও ঝুলে মারজানার ধর্ষণ-হত্যা মামলা, হুমকিতে বিচারপ্রার্থী পরিবার

মনিরুজ্জামান বাবলু, চাঁদপুর

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১২:৪৮ পিএম

নয় বছর ধরে ভাঙা ঘরের ভাঙা আলমারিতে মেয়ের একটি ছবি আর স্কুল ড্রেস আগলে রেখে বিচারপ্রত্যাশায় দিন কাটাচ্ছেন বাবা-মা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নয় বছর ধরে ভাঙা ঘরের ভাঙা আলমারিতে মেয়ের একটি ছবি আর স্কুল ড্রেস আগলে রেখে বিচারপ্রত্যাশায় দিন কাটাচ্ছেন বাবা-মা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা চরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারজানাকে ধর্ষণ ও হত্যার ঘটনার ৯ বছর পেরিয়ে গেলেও মামলার বিচার শেষ হয়নি।

এদিকে মামলার চার আসামি প্রায় দুই বছর ধরে জামিনে মুক্ত অবস্থায় থাকায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

পরিবারের অভিযোগ, আসামিরা মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তবে পুলিশ বলছে, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আদালতে প্রতিবেদন দিয়ে জামিন বাতিলের আবেদনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর আশা, সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় চলতি বছরই মামলার রায় ঘোষণা হতে পারে।

নয় বছর ধরে ভাঙা ঘরের ভাঙা আলমারিতে মেয়ের একটি ছবি আর স্কুল ড্রেস আগলে রেখে বিচারপ্রত্যাশায় দিন কাটাচ্ছেন বাবা-মা। প্রতিটি আদালতের তারিখে হাজির হলেও এখনও কাঙ্ক্ষিত বিচার না পাওয়ার বেদনা তাদের তাড়া করে ফিরছে।

বিচারের অপেক্ষায় দীর্ঘ নয় বছর

২০১৭ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে দেখা করতে স্থানীয় বাজারে যাওয়ার পথে নিখোঁজ হয় উত্তর চর কোরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারজানা।

পরে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার শিকার শিশুটির মরদেহ খালের পাড়ের ঝোপঝাড়ে পাওয়া যায়। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

মামলা দায়েরের পর দীর্ঘ সময় তদন্তে তেমন অগ্রগতি না হলেও প্রায় আড়াই বছর পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শরীয়তপুরের মাছঘাট এলাকা থেকে প্রধান আসামি নান্নু মিয়াকে গ্রেপ্তার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর তিন আসামির পরিচয়ও উঠে আসে। ঘটনার ৫১ দিন পর আদালতের নির্দেশে মারজানার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। পরে মামলায় ১৪ জন সাক্ষ্য দেন।

জামিনের পর নতুন ‘আতঙ্ক’

পরিবারের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর মামলার চার আসামিই জামিনে মুক্ত হয়ে এলাকায় প্রকাশ্যে চলাফেরা শুরু করে।

এরপর থেকেই মামলার বাদী পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে চাপ দেওয়া হচ্ছে। লোক মারফত হুমকি দেওয়া হচ্ছে এবং অর্থের জোরে মামলা শেষ করে ফেলার কথাও বলা হচ্ছে।

তাদের দাবি, মামলার শুরুর দিকেও স্থানীয় চেয়ারম্যান ও আসামিপক্ষের লোকজন মামলা প্রত্যাহারের জন্য মারজানার বাবাকে মারধর করে আদালতে নিয়ে গিয়েছিল।

কান্না জড়িত কন্ঠে মারজানার মা বলেন, “তহন, আমাগোরে কইছে, আমার জিয়েরে ভূতে মারছে, শয়তানে মারছে। আমরা তো অজ্ঞানী ছিলাম। আমরা কইতে পারি নাই। পরে গোসলের মহিলারা কইছে যে না ওরে মাইনসে মারছে, ওর প্রস্রাবের জায়গায় রক্ত। ওর গালের ভেতর কামড়, বুক কামুড় দিয়ে গোশতটা উঠাইলেছে। এই যে গলাটার মোগলটা।”

তিনি বলেন, “পরে ওর আব্বু মামলা করতে গেছে। আত্মীয়স্বজনে গেছে। তার এলাকার চেয়ারম্যান-মেম্বার তো লইয়া ওরা। আমার জিয়ের বিচার না চাওনের লাইগা, মামলা উঠানের লাইগা আমার স্বামীরে, আমার ভাইয়েরে, আমার দেওর গো, সবারে নিয়া মারধর করছে। আমি গরীব দেইখা আমার বিচার পাই না।”

বাবার একটাই দাবি বিচার

মারজানার বাবা বলেন, “আমার বাড়ির পাশের সেলিম, সিদ্দিকী, নান্নু, জালাল মিলে আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে লাশ খালপাড়ে ফেলে রাখে। 

“আমি তারপরে আমার মেয়ের হত্যার বিচার পাওয়ার জন্য আমি এই চাঁদপুর কোর্টে মামলা করি। সেই থেকে এই পর্যন্ত আজকে প্রায় নয় বছর ছয় মাসের উপরে হয়ে গেছে। আমি কোনো একটা তারিখ মিস করি নাই। শুধু আমার মেয়ের হত্যার বিচার পাওয়ার জন্য।”

মেয়ের ধর্ষক ও হত্যাকারীদের বিচারই এখন একমাত্র চাওয়া উল্লেখ করে তিনি বলেন, “এখন আসামিরা জামিনে নিয়ে এলাকাতে ঘুরতেছে এবং আমাকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে। আমি আমার পরিবার নিয়া খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই আসামিদের এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির সাজা চাই যাতে করে আর কোনো মায়ের সন্তানকে যেন এরকমভাবে হত্যা করতে না পারে।”

স্থানীয়দের ভাষ্য, মারজানার মরদেহ উদ্ধারের সময় তার শরীরে নির্যাতনের স্পষ্ট আলামত ছিল। সেই ভয়াবহ দৃশ্য দেখেই অনেকেই আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এ মামলার দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তি হোক।

এলাকার কয়েকজনের ভাষ্যমতে, মার্জান যখন ওর বাবার কাছে (বাজার) যাচ্ছিল তখন ধর্ষণকারীরা তাকে ধর্ষণ ও হত্যা করে। এরপর এলাকাবাসী খোঁজাখুঁজি করে শিশুটির লাশ পায়।

তার আরও বলেন, ওই স্থানে পয়সা পাওয়ার পর সবাই মনে করছে যে শয়তানে মারছে। তবে পরে পুলিশ নান্নু মিয়াকে আটক করলে ধর্ষণ ও হত্যার বিষয়টি পরিষ্কার হয়।

ওই সময়ের স্থানীয় এক চিকিৎসক বলেন, যখন শিশুটিকে বাজারে নিয়ে  সে মৃত ছিল। তার গালে এবং বুকে নখের আঁচড়ের দাগ দেখছি। এই এখন এই মেয়েটার যাতে এটা অনেকদিন যাবৎ এটা চলতেছে এটা একটা সুষ্ঠ বিচার আমরাও চাই। আদালতেও আমি এই কথাই বলেছি।

সাক্ষ্য শেষ, রায়ের অপেক্ষা

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাক্ষীদের আদালতে হাজির করতে দীর্ঘ সময় লেগেছে। চলতি মাসে সব সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এখন আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় জবানবন্দি গ্রহণ এবং যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, যতটুক জেনেছি এই নয় বছর আগের একটি মামলা। ধর্ষণ করে হত্যার ঘটনা ঘটে। পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয় এবং আসামী গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এই মামলাটি বর্তমানে চলমান রয়েছে। বিচারাধীন রয়েছে।

বাদী পক্ষকে হুমকি-ধামকি দেওয়ার বিষয়ে তিনি বলেন, এখন এই বিষয়ে যদি বাদী পক্ষ আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করে তার পরিপ্রেক্ষিতে আমরা কোর্টে প্রতিবেদন দিব।

এতে আসামিদের জামিন না মঞ্জুর হবে এবং এই হুমকি-ধামকির বিষয়েও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী শিরিন সুলতানা মুক্তা বলেন, “যেহেতু এই মামলা তো অনেক সাক্ষী সাক্ষীতে আসতে হয়। সাক্ষীদের ওয়ারেন্ট নন ভ্যালু ওয়ারেন্ট হয়েছে। 

“পুলিশ আনতে দেরি হইছে। অনেক সাক্ষী হয়েছে। এবং টোটাল সাক্ষী ক্লোজ হয়েছে গত আট তারিখে। এই মামলাটা সকল সাক্ষী ক্লোজ হয়ে গেছে। গত তারিখে আয়ুর স্বাক্ষী শেষ।”

তিনি বলেন. “এখন আগামী তারিখে থ্রি ফোরটি টু হবে। তারপর আর্গুমেন্টটার পর রায় দিয়ে দিবে খুব দ্রুতই। সাত দিন পর পরই মামলার ডেটটা করতেছে। ইনশাল্লাহ আমরা খুব সহজেই এই মামলার রায় ঘোষণা হবে। বেশিদিন দেরি হবে না।”

পরিবারের একটাই প্রত্যাশা

মারজানা ছিলেন হাইমচরের উত্তর চর কোরালিয়া গ্রামের মোকশেদ হাওলাদার ও সেলিনা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে বড়। অভিযোগ রয়েছে, মামলার কারণে একসময় প্রায় দুই বছর বাড়িছাড়াও থাকতে হয়েছিল পরিবারটিকে।

মামলা করা দীর্ঘ সময় পরও বিচার শেষ না হওয়ায় পরিবার এখন দ্রুত রায়, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুনরায় গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

তাদের বিশ্বাস, দ্রুত বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এমন নৃশংস অপরাধ রোধে তা দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা