বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১১:৪১ এএম
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে বাংলাদেশি ৫ নারী দেশে ফেরেন।
কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫ নারী।
ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার রাত ৮টার দিকে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
এ সময়
উপস্থিত ছিলেন দু’দেশের ইমিগ্রেশন কর্মকর্তা, বিজিবি, বিএসএফ ও মানবাধিকার সংস্থার
প্রতিনিধিরা।
ফেরত আসা নারীরা হলেন- পাপিয়া আক্তার, শিমু আক্তার, শারমিন খাতুন, লাভলী খাতুন,
রোজিনা খাতুন। তারা- যশোর, নড়াইল, বাগেরহাট ও টাঙ্গাইল জেলার বাসিন্দা।
বেনাপোল
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের
আশায় দালালের মাধ্যমে তারা ৪ বছর আগে সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতের গিয়েছিলেন।
সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা।
পুলিশ তাদের
আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারো
২ বছর কারো ৩ বছর সাজা দিয়ে কারাগারে পাঠান।
কারাভোগ শেষে
ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে
উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের
মাধ্যমে মঙ্গলবার রাত ৮টার দিকে
তারা দেশে ফেরেন।
ওসি আরও জানান, ভারত
ফেরত ৫ নারীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা
হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের গ্রহণ করে
নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস
অ্যান্ড কেয়ারের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, ফেরত আসাদের রাতেই
বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। আজ বুধবার তাদের
নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।