ভিডিও ভাইরাল
ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ২১:৪১ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬ ২১:৪৪ পিএম
অভিযুক্ত কর্মকর্তা ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জিএম সরোয়ার। ছবি: ভিডিও থেকে নেওয়া
ফরিদপুরের বোয়ালমারীর পর এবার নগরকান্দা উপজেলায় এক ভূমি কর্মকর্তার টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিযুক্ত কর্মকর্তা ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জিএম সরোয়ার। এ নিয়ে জেলায় গত দুই দিনের ব্যবধানে দুজন ভূমি কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ্যে এলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার ছড়িয়ে পড়া ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জিএম সরোয়ার তার ব্যক্তিগত কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে ৫শ ও ১হাজার টাকার কয়েকটি নোট নিচ্ছেন। টাকাগুলো নিয়ে নিজের আসনে বসার সময় তাকে বলতে শোনা যায়, ‘এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন জিএম সরোয়ার। তিনি দাবি করেন, “কার্যালয়ে নগদ অর্থে সরকারি ফি নেওয়ার সুযোগ নেই। কেউ অনলাইনে ফি দিতে না পারলে মানবিক কারণে নিজের ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে আমি তা পরিশোধে সহায়তা করি। ভিডিওতে যে অর্থ দেখা যাচ্ছে, সেটিও সরকারি ফি।”
ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, সে বিষয়েও তিনি কোনো ধারণা নেই বলে জানান।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে এবং জেলা প্রশাসক মহোদয়ও এ ব্যাপারে অবগত আছেন। অভিযুক্ত কর্মকর্তার কাছে দ্রুত লিখিত ব্যাখ্যা চাওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী নেওয়া হবে।”
এর আগে গত ২৬ জুলাই ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. ইমরান হোসেনের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।