চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ২০:৩৬ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬ ২১:২০ পিএম
জাম্বুরী পার্ক। ছবি: ফোকাস বাংলা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ জাম্বুরী পার্কের আধুনিকায়ন করা খেলার মাঠের নির্মাণকাজ শেষ পর্যায়ে। খুব শিগগিরই মাঠটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
নগরের আগ্রাবাদ জাম্বুরী পার্ক মাঠের উন্নয়নকাজ পরিদর্শনের সময় মঙ্গলবার চসিক মেয়র এ কথা জানান।
মেয়র বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও নানা কারণে মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছিল। নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার কথা বিবেচনা করে মাঠটি পুনর্গঠন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অল্প সময়ের মধ্যেই উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।
তিনি বলেন, এক সময় মাঠটি কার্যত ব্যবহারের বাইরে চলে গিয়েছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে এটি পুনরুদ্ধার করেছে। উদ্বোধনের পর শিশু, কিশোর, তরুণসহ সব বয়সী মানুষ এখানে খেলাধুলা, শরীরচর্চা ও বিনোদনের সুযোগ পাবেন।
ডা. শাহাদাত হোসেন জানান, মাঠটির সুষ্ঠু পরিচালনা, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিচালনা কমিটি গঠন করা হবে। কমিটির মাধ্যমে মাঠের শৃঙ্খলা ও নিয়মিত তদারকি নিশ্চিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানেও নগরবাসীর অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজন করা হবে বলে তিনি জানান।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলার মাঠের বিকল্প নেই। শিশু-কিশোরদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে নিরাপদ ও মানসম্মত খেলার পরিবেশ প্রয়োজন। এ লক্ষ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর গত ২০ মাসে নগরীর প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ১১টি খেলার মাঠ উন্নয়ন ও প্রস্তুত করা হয়েছে। ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন অব্যাহত রয়েছে। বাকি প্রায় ৩০টি মাঠও ধাপে ধাপে উন্নয়ন করা হবে।
পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম এবং স্থানীয় ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।